সিলেটের সদর উপজেলার মুরাদপুর এলাকায় শব্দদূষণ নিয়ন্ত্রণে অভিযান চালিয়ে ৮ ব্যক্তি ও যানবাহনকে মোট ৪ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। এ সময় অবৈধ ও উচ্চ শব্দ সৃষ্টিকারী ১০টি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) পরিবেশ অধিদপ্তর, সিলেট জেলা কার্যালয়ের উদ্যোগে এ মোবাইল কোর্ট পরিচালনা করে পরিবেশ অধিদপ্তর। সিলেট বিভাগীয় কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট তানিয়া আক্তারের নেতৃত্বে পরিচালিত অভিযানে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫-এর ৬(ক) ধারা এবং শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০০৬-এর ৬(২) ধারা অনুযায়ী আইনগত ব্যবস্থা গ্রহন করেন। অভিযানে পরিবেশ অধিদপ্তর, সিলেট বিভাগীয় কার্যালয়ের সিনিয়র টেকনিশিয়ান আল মামুন প্রসিকিউশন প্রদান করেন। এ সময় পুলিশ সদস্য এবং পরিবেশ অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা অভিযানে সহযোগিতা করেন। পরিবেশ অধিদপ্তর, সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক মো. আবুল কালাম আজাদ বলেন, শব্দদূষণকারী এবং অবৈধ উচ্চ শব্দযুক্ত হাইড্রোলিক হর্ন ব্যবহারকারী যানবাহনের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও জানান, শব্দদূষণের পাশাপাশি বায়ুদূষণ, পাহাড়-টিলা কর্তন, অবৈধ ইটভাটা এবং নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে পর্যায়ক্রমে নিয়মিত মোবাইল কোর্ট অভিযান অব্যাহত থাকবে।