গতকাল বৃহস্পতিবার সকালে টেস্ট অধিনায়কত্ব ছাড়লেন ধনঞ্জয়া ডি সিলভা, দুপুরেই নতুন অধিনায়ক নির্বাচন করে ফেললো শ্রীলঙ্কা। টেস্টে শ্রীলঙ্কার নতুন অধিনায়ক কুশল মেন্ডিস। ধনঞ্জয়া সরে যাওয়ার পর কুশলকে টেস্ট অধিনায়কের দায়িত্ব দিয়েছে এসএলসি। ওয়ানডে এবং টি-টোয়েন্টি ফরম্যাটে অর্থাৎ সাদা বলের ক্রিকেটে আগে থেকেই শ্রীলঙ্কার নেতৃত্বে আছেন কুশল মেন্ডিস। এবার টেস্টের দায়িত্বও পেয়ে গেছেন। তিন ফরম্যাটেই এখন থেকে লঙ্কানদের নেতৃত্বে দেখা যাবে কুশলকে। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে দাসুন শানাকার চোটের কারণে বিশ্বকাপের মাঝেই অধিনায়কত্ব পেয়েছিলেন কুশল মেন্ডিস। এছাড়া টি-টোয়েন্টিতেও শানাকার পর নেতৃত্বভার উঠেছে কুশলের কাঁধে। এখনও পর্যন্ত আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অধিনায়ক হিসেবে ১ জয়ের সাথে ২ হার আছে কুশল মেন্ডিসের। ওয়ানডেতে ৮ ম্যাচে জয় ৬টি। ওয়ানডেতে সেঞ্চুরি হাঁকিয়ে কুমার সাঙ্গাকারার পর প্রথম শ্রীলঙ্কার উইকেটরক্ষক অধিনায়ক হিসেবে শতকের দেখা পান তিনি। টেস্ট অধিনায়কত্ব ছাড়া ধনঞ্জয়া ডি সিলভার অধীনে ১৮ টেস্ট খেলে ৭ ম্যাচে জিতেছে শ্রীলঙ্কা। ৮ হারের সাথে ড্র করেছে ৩ ম্যাচ। ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ ১-০ ব্যবধানে জেতে লঙ্কানরা। প্রথম ম্যাচ ড্র করলেও পরের ম্যাচে জিতে সিরিজ জিতে নেয় শ্রীলঙ্কা। সর্বশেষ ভারতের বিপক্ষে ঘরের মাঠে ১-০ ব্যবধানে টেস্ট সিরিজ হারে লঙ্কানরা। প্রথম ম্যাচ হারলেও দ্বিতীয় ম্যাচে দারুণ লড়াইয়ে ম্যাচ ড্র করতে সক্ষম হয় শ্রীলঙ্কা। আসন্ন নভেম্বর মাসে পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ দিয়ে টেস্ট অধিনায়ক হিসেবে যাত্রা শুরু করবেন কুশল মেন্ডিস।