এমপি শেখ ফরিদ আহম্মেদ মানিক

চাঁদপুরে দুর্গাপূজায় মণ্ডপে মণ্ডপে বিএনপির স্বেচ্ছাসেবকরা পাশে থাকবে

এফএনএস (মিজানুর রহমান; চাঁদপুর) : | প্রকাশ: ৯ অক্টোবর, ২০২৬, ০৪:১৬ পিএম
চাঁদপুরে দুর্গাপূজায় মণ্ডপে মণ্ডপে বিএনপির স্বেচ্ছাসেবকরা পাশে থাকবে

সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা-২০২৬ উদ্যাপন উপলক্ষে চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।  বৃহস্পতিবার (৮ অক্টোবর) সন্ধ্যায়  চাঁদপুর সদর উপজেলা পরিষদ কনফারেন্স রুমে সদর ও হাইমচর উপজেলা প্রশাসনের যৌথ আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্যে চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক বলেন, “ধর্ম যার যার, উৎসব সবার। পূজামণ্ডপগুলোর সার্বিক সুরক্ষা ও ভক্তদের সহায়তায় আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি আমাদের দলীয় নেতা-কর্মীরাও স্বেচ্ছাসেবক হিসেবে আপনাদের পাশে থাকবে।”

তিনি আরও বলেন, “২০২৪ সালের পর আমরা তিনটি দুর্গাপূজা উদযাপন করছি। অন্তর্বর্তীকালীন সরকারের সময়কাল থেকেই আমরা সবসময় আপনাদের পাশে ছিলাম। প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমান সারাদেশে হিন্দু ধর্মাবলম্বীদের ভাবাবেগ ও পূজার নিরাপত্তা নিয়ে বিএনপি সভাপতিদের প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন। আমাদের প্রধানমন্ত্রী সবসময় আপনাদের কল্যাণ নিয়ে ভাবেন।”

পূজামণ্ডপগুলোর সার্বিক সুবিধার কথা উল্লেখ করে এমপি মানিক বলেন, “শহরাঞ্চলের বাইরে যেসব বড় বড় পূজামণ্ডপ রয়েছে, জরুরি বিদ্যুৎ সচল রাখতে সেসব মণ্ডপে সোলার সিস্টেমের ব্যবস্থা করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি।” সনাতন ধর্মীয় পুরোহিত ও সেবাইতদের কল্যাণে সরকারের নানা পদক্ষেপের কথা তুলে ধরে তিনি বলেন, “প্রধানমন্ত্রী সেবাইত ও পুরোহিতদের জন্য ভাতা বা বেতন কাঠামোর উদ্যোগ নিয়েছেন। আশা করছি আগামী মাসের মধ্যেই সারাদেশে একযোগে তা চালু হবে। এছাড়া যেসকল মন্দির এখনো অনুদানের আওতায় আসেনি, চলতি মাসের মধ্যেই সেগুলোকে সহায়তার চেষ্টা করা হবে। এ বছর প্রতিটি মন্দিরের জন্য সরকার ৬০০ কেজি করে চাল বরাদ্দ দিয়েছে।” বক্তব্য শেষে তিনি দেশনায়ক তারেক রহমানের সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় সনাতন ধর্মাবলম্বীদের কাছে বিশেষ প্রার্থনা করার আহ্বান জানান।

চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম এন জামিউল হিকমার সভাপতিত্বে এবং জেলা পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক তমাল কুমার ঘোষের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট সলিম উল্যা সেলিম, হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম, চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ এবং চাঁদপুর ট্রাফিক পুলিশের টিআই (এডমিন) প্রবীর কুমার দাস।

এছাড়াও অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আনসার ও বিডিপি কর্মকর্তা মো. তারিকুল ইসলাম, চাঁদপুর জেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি সুভাষ চন্দ্র রায়, কালীবাড়ি মন্দির কমিটির সভাপতি নরেন্দ্র নারায়ন চক্রবর্তী, সাধারণ সম্পাদক গোপাল চন্দ্র সাহা, চাঁদপুর সদর পূজা উদ্যাপন পরিষদের সভাপতি লক্ষ্মণ চন্দ্র সূত্রধর, পৌর পূজা উদ্যাপন পরিষদের সভাপতি নেপাল চন্দ্র সাহা, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুমন সরকার জয়, রামকৃষ্ণ আশ্রমের অপূর্ব মহারাজ, মিনার্ভা মণ্ডপের সাধারণ সম্পাদক শিখা চক্রবর্তী, পুরাণবাজার হরিসভার প্রতিনিধি কার্তিক সরকার, নতুন বাজার ঘোষপাড়া মণ্ডপের সাধারণ সম্পাদক চন্দ্রনাথ ঘোষ এবং হাইমচর উপজেলা পূজা পরিষদের সভাপতি বিবেক লাল মজুমদার ও সাধারণ সম্পাদক অজয় কৃষ্ণ মজুমদারসহ অনেকে।

সভায় জেলা বিএনপির সহ-সভাপতি দেওয়ান মো. সফিকুজ্জামান, খলিলুর রহমান গাজী, ফেরদৌস আলম বাবু, ডি এম শাহাজাহান, সাংগঠনিক সম্পাদক মো. মনির চৌধুরী, পৌর বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝি, সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন, সাধারণ সম্পাদক হযরত আলী ঢালী, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক শরীফ উদ্দিন পলাশ, জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিকসহ চাঁদপুর সদর ও হাইমচর উপজেলার ৪৭টি পূজামণ্ডপের সভাপতি, সাধারণ সম্পাদক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে