পিরোজপুরের কাউখালীতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবাসহ মেহেদী হাসান শাওন (৩২) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শুক্রবার দিবাগত রাত ৮টায় কাউখালী শিয়ালকাঠী চৌরাস্তা এলাকা থেকে তাকে ইয়াবাসহ হাতেনাতে আটক করা হয়। গ্রেপ্তারকৃত মেহেদী হাসান শাওন সদর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের আইরনজাপুর্সী গ্রামের মো: খলিলুর রহমানের ছেলে। শাওন উপজেলা শহরের উজিয়ালখান ব্র্যাক অফিস সংলগ্ন এলাকায় তেল ও কনফেশন দোকানের ব্যবসা করেন।
পুলিশ সূত্রে জানা যায়, পিরোজপুর ডিবি পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে এসআই পলাশ বিশ্বাসের নেতৃত্বে একটি চৌকস টিম কাউখালী চৌরাস্তা এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় মেহেদী হাসান শাওনকে চ্যালেঞ্জ করলে তার কাছে তল্লাশি চালিয়ে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরবর্তীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরপূর্বক রাতে তাকে কাউখালী থানায় হস্তান্তর করা হয়েছে। কাউখালী থানা পুলিশ (১০ অক্টোবর) শনিবার সকালে পিরোজপুর কোর্টে চালান করে। অভিযানের বিষয়টি নিশ্চিত করে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জানান, আমরা মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নিয়ে কাজ করছি। গোপন সংবাদের ভিত্তিতে সফল অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী শাওনকে গ্রেপ্তার করা হয়েছে। এলাকায় মাদকের বিস্তার রোধে আমাদের এই ধরণের যৌথ ও ঝটিকা অভিযান অব্যাহত থাকবে।