কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় বেড়ে যাওয়া মাদক ব্যবসার সাথে এবার যোগ হলো আগ্নেয় অস্ত্র। কাশিপুর ইউনিয়নের অনন্তপুর মাষ্টারপাড়া সীমান্ত থেকে আগ্নেয় অস্ত্র গুলিসহ ভারতীয় মাদক উদ্ধারের মধ্য দিয়ে সীমান্তে ‘আগ্নেয় অস্ত্র’ ঘটনাটি চাঞ্চল্য সৃষ্টি করে।
এলাকার সচেতন মহলে এ ঘটনা অনেকটা প্রশ্নের সৃষ্টি করে। প্রশ্ন ওঠে তাহলে মাদকের সাথে এখন ফুলবাড়ী সীমান্তে আগ্নেয় অস্ত্র পাচার বা বেচাকেনা হচ্ছে? এখানে মদকের সাথে এখন অস্ত্র ব্যবসায়ীর আর্বিভাব ঘটছে?
এই পরিস্থিতি মোকাবেলায় ফুলবাড়ী উপজেলার সীমান্তে অইন শৃঙ্খলা রক্ষায় সকল বাহিনীর ইউনিটকে জোড়ালোভাবে মাদক ও অস্ত্র পাকড়াও অভিযানে মাঠে নামা জরুরী। তা না হলে ফুলবাড়ী সীমান্তে মাদকের সাথে বেড়ে যাবে অস্ত্র পাচার।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দিবাগত রাত ২ টা ৩০ মিনিটে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-রংপুর ১৩-এর পুলিশ পরিদর্শক আব্দুর রাজ্জাকের নেতৃত্বে ফুলবাড়ী সীমান্তে একটি অভিযান পরিচালনা হয়।
এ সময় ভারত সীমান্ত ঘেঁষা ফুলবাড়ী উপজেলার কাশিপুর ইউনিয়নের অনন্তপুর মাষ্টারপাড়া সীমান্তের মোস্তাফিজার রহমানের বাড়ি সংলগ্ন একটি বাঁশঝাড়ে শপিংব্যাগ উদ্ধার করা হয়। পরে ওই শপিংব্যাগ খুলে ১টি অগ্নেয়অস্ত্র, ১ রাউন্ড গুলি, ৪ বোতল ভারতীয় ইস্কাপ সিরাপ, ৪ টি ভাঙা ট্যাবলেটসহ ১০০টি ইয়াবা ট্যাবলেট পাওয়া যায় । এ ব্যাপারে থানার সাব-ইন্সপেক্টর শাহ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-রংপুর ১৩-এর অভিযানে উদ্ধারকৃত আগ্নেয় অস্ত্রসহ মাদকের ঘটনায় থানায় জিডি হয়েছে। এ ঘটনায় কারা জড়িত তদন্ত স্বাপেক্ষে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।