দাকোপে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

এফএনএস (কে, এম, আজগর হোসেন ছাব্বির: দাকোপ, খুলনা) : | প্রকাশ: ১১ অক্টোবর, ২০২৬, ০৬:৩৭ পিএম
দাকোপে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

দাকোপে কোস্ট গার্ডের অভিযানে ৮১ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। 

মামলার বিবরণে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত সাড়ে ১০টায় কোস্ট গার্ড বিসিজি আউটপোস্ট নালিয়ানের একটি টহল দল সুতারখালী ইউনিয়নের দুয়ানীর ঘাট এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় সুতারখালী গ্রামের জুনায়েদের মাছের আড়তের সামনে ইটের সোলিং রাস্তার উপর ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয় কালে দু’জনকে আটক করা হয়। আটককৃতরাা হলেন উপজেলার পানখালি এলাকার মশিউর রহমানের ছেলে নাজমুল শেখ (৪০) ও মোতালেব জমাদ্দারের ছেলে রোকন জমাদ্দার (৩৬)। আটকৃতদের কাছে তল্লাশি চালিয়ে নাজমুলের কাছ থেকে ৪১ পিচ ও রোকনের কাছ থেকে ৪০ পিচ মোট ৮১ পিস কমলা রঙের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। নাজমুলের বিরুদ্ধে আগেও বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। এছাড়া মাদক বহনে ব্যবহৃত একটি কালো রঙের বাজাজ প্লাটিনা-১০০ সিসি মোটরসাইকেল (রেজি: খুলনা হ-১৪-০৬৫৩) এবং দুটি মোবাইল ফোন জব্দ করা হয়। এঘটনায় কোস্ট গার্ডের পক্ষ থেকে দাকোপ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। 

এবিষয়ে দাকোপ থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন বলেন, নাজমুল ও রোকনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর গতকাল রবিবার সকালে আদালতের মাধ্যমে তাদেরকে জেলহাজতে পাঠানো হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে