বিশ্ব শিশু দিবস ২০২৬ উদ্যাপন উপলক্ষে মুন্সিগঞ্জের লৌহজং উপজেলায় র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। সোমবার (১২ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। লৌহজং উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ আয়োজনে উপজেলা মহিলা ও শিশু বিষয়ক কর্মকর্তা আরাধনা কর্মকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা ববি মিতু। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী কর্মকর্তা শান্তনু ঘোষ সাগর, উপজেলা প্রকল্প বাস্তবায়ন (পিআইও) কর্মকর্তা আনোয়ার হোসেন, সালমা পারভেজ, উপজেলা তথ্য সেবা কর্মকর্তা ইভা পারভীন প্রমুখ।
উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তারা যৌথ উদ্যোগে আয়োজিত এ কর্মসূচির মাধ্যমে শিশুদের অধিকার, সুরক্ষা, শিক্ষা ও সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করার বিষয়ে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হয়।
উপস্থিত বক্তারা বলেন, শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। তাদের সুস্থভাবে বেড়ে ওঠা, নিরাপদ পরিবেশ নিশ্চিত করা এবং শিক্ষা ও বিকাশের সমান সুযোগ সৃষ্টি করা একটি দায়িত্বশীল সমাজ গঠনের অন্যতম শর্ত। বিশ্ব শিশু দিবসের এ আয়োজন শিশুদের অধিকার প্রতিষ্ঠা ও তাদের কল্যাণে সম্মিলিত উদ্যোগকে আরও জোরদার করবে বলে আশা করা হচ্ছে। শিশুদের নিরাপদ পরিবেশ নিশ্চিত করা, তাদের প্রতি সব ধরনের সহিংসতা ও বৈষম্য প্রতিরোধ এবং শিশুবান্ধব সমাজ গঠনে জনসচেতনতা বৃদ্ধিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।