নীলফামারী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের এক চিকিৎসককে লাঞ্ছিত ও মারধরের অভিযোগে নাঈম ইসলাম (২৫) নামে এক অ্যাম্বুলেন্স চালককে আটক করা হয়েছে। চিকিৎসককে মারধরের প্রতিবাদে হাসপাতালের চিকিৎসকরা মানববন্ধন করে কর্মবিরতি পালন করেন।
১২ অক্টোবর শহরের চৌরঙ্গির মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। হাসপাতাল কর্তৃপক্ষ সূত্রে জানা যায়,১১ অক্টোবর দুপুরে হাসপাতালের রেডিওলজি অ্যান্ড ইমেজিং বিভাগে বেসরকারি মালিকানাধীন অ্যাম্বুলেন্স চালক নাঈম আলট্রাসনোগ্রাফির রিপোর্ট নিতে আসেন। তিনি আসার পরে তাকে রিপোর্ট দিতে দেরি হওয়ায় চিৎকার করে বিশৃঙ্খলা শুরু করে। এসময়ে সেখানে দায়িত্বরত চিকিৎসক রেডিওলজি অ্যান্ড ইমেজিং বিভাগের সহকারী অধ্যাপক ডা. রথীন্দ্রনাথ মণ্ডল তাকে বাঁধা দিলে নাঈম ক্ষিপ্ত হয়ে চিকিৎসককে অশ্লীল ভাষায় গালিগালাজ করে একপর্যায়ে তাকে মারধর শুরু করেন। পরে চিকিৎসকের চিৎকার শুনে হাসপাতালের নিরাপত্তা কর্মীরা ছুটে এসে নাঈমকে আটক করে সদর থানা পুলিশের কাছে সোপর্দ করে।ওই ঘটনার প্রতিবাদে হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা মানববন্ধন করেন।
এসময়ে বক্তারা বলেন, আমরা দীর্ঘ সময় ধরে মানুষের সেবা করে যাচ্ছি। আমাদের একজন চিকিৎসকের ওপর হামলা করা হয়েছে এবং তাকে মারধর করা হয়েছে। এঘটনায় জড়িত ব্যক্তির দৃৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। সেই সঙ্গে বক্তারা অবিলম্বে স্বাস্থ্য সুরক্ষা আইন প্রণয়ন করার দাবি জানান। মানববন্ধনের হাসপাতালের চিকিৎসক, ইন্টার্ন চিকিৎসকসহ স্টাফরা অংশ নেয়। নীলফামারী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক আব্দুল্লাহ হেল মাফি বলেন, হাসপাতালে আসা রোগীদের চিকিৎসা স্বাভাবিক রাখা হয়েছে।