সুনামগঞ্জের দোয়ারাবাজারে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি-৯) অভিযানে ২০ বোতল রয়্যাল স্ট্যাগ ব্র্যান্ডের বিদেশি মদ ও একটি ইজিবাইকসহ মোঃ খোকন মিয়া (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
রবিবার (১১ অক্টোবর) রাতে দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নের কালাপশী এলাকার 'তছিমের ডালা ব্রীজ' থেকে তাকে আটক করা হয়। গ্রেফতারকৃত খোকন মিয়া ছাতক থানার শিমুলতলা গ্রামের আব্দুল খালিকের ছেলে।
এসআরবি-৯ সোমবার দুপুরে এক বিজ্ঞপ্তিতে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তছিমের ডালা ব্রীজ এলাকায় অভিযান চালায় এসআরবি-৯, সুনামগঞ্জের একটি আভিযানিক দল। এসআরবির উপস্থিতি টের পেয়ে খোকন মিয়া ইজিবাইক নিয়ে পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়। পরবর্তীতে তার ইজিবাইকে রাখা দুইটি পাটের বস্তা থেকে ২০ বোতল বিদেশি মদ (রয়্যাল স্ট্যাগ) উদ্ধার এবং মাদক পরিবহনে ব্যবহৃত ইজিবাইকটি জব্দ করা হয়।প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত খোকন মিয়া জানায়, সে সীমান্তবর্তী এলাকা থেকে এসব বিদেশি মদ সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে নিজের হেফাজতে রেখেছিল।
বিষয়টি নিশ্চিত করে এসআরবি-৯, সিলেটের মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার কে, এম, শহিদুল ইসলাম সোহাগ জানান, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে জব্দকৃত আলামতসহ তাকে দোয়ারাবাজার থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে এসআরবি-৯ এর এমন অভিযান অব্যাহত থাকবে।