মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬ উপলক্ষে চাঁদপুর জেলার হাইমচরে মেঘনা নদীতে যৌথ অভিযান চালিয়েছে উপজেলা টাস্কফোর্স কমিটি। অভিযানকালে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারের অপরাধে মোট ২৮ জনকে আটক করা হয়। এর মধ্যে ২৪ জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে এবং ৪ জন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় মুচলেকা নিয়ে তাদের অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়। সোমবার (১২ অক্টোবর ২০২৬) বিকেল ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত মেঘনা নদীর বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালিত হয়।
টাস্কফোর্স সূত্রে জানা যায়, উপজেলা প্রশাসন (হাইমচর), সিনিয়র উপজেলা মৎস্য দপ্তর (হাইমচর), নীলকমল নৌ পুলিশ ফাঁড়ি এবং কোস্টগার্ডের যৌথ উদ্যোগে এ অভিযান চালানো হয়। অভিযান চলাকালে নদী থেকে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরার অপরাধে ২৮ জনকে আটক করা হয়। পরবর্তীতে আটককৃতদের মধ্যে ৪ জন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় এবং তাদের অপরাধের মাত্রা বিবেচনায় মুচলেকা নিয়ে স্ব-স্ব অভিভাবকের জিম্মায় ছেড়ে দেওয়া হয়। বাকি ২৪ জনের প্রত্যেককে মোবাইল কোর্টের মাধ্যমে ২০ (বিশ) দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। অভিযানকালে জব্দ করা প্রায় ১ (এক) লক্ষ মিটার অবৈধ জাল বিধি মোতাবেক আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয় এবং উদ্ধারকৃত ইলিশ মাছ স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়েছে।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, মা ইলিশের প্রজনন সুরক্ষা ও জাতীয় সম্পদ রক্ষায় মেঘনা নদীতে টাস্কফোর্সের এ ধরনের অভিযান কঠোরভাবে অব্যাহত থাকবে।