বরিশালের গৌরনদীতে ভুয়া ও জাল দলিল তৈরি করে জমি দখলের অভিযোগে দায়ের করা মামলায় হারুন-অর রশিদ ওরফে হারুন বেপারী নামের এক ব্যক্তির জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালতের বিচারক। মঙ্গলবার (১৩ অক্টোবর) বরিশাল চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আসামির পক্ষে জামিন আবেদন করার পর বিচারক তা না মঞ্জুর করে আসামিকে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন।
আদালত ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, উপজেলার তাঁরাকুপি গ্রামের মৃত ওয়াজেদ আলী বেপারীর ছেলে হারুন-অর রশিদ তাঁরাকুপি মৌজার ৪৮.৩৩ শতক জমির একটি ভুয়া জাল দলিল (নং- ৪২৫/১৬, তারিখ: ০৮/০২/২০১৬) তৈরি করে তা নিজের জমি দাবি করে আসছিলেন।
এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে কটকস্থল গ্রামের বীর মুক্তিযোদ্ধা মজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র মো. হিরা বাদী হয়ে বরিশাল সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা (যার নং- ৫৯৭/২০২৬, তারিখ: ২৩/১০/২৬) দায়ের করেন। বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মামলাটি গুরুত্বের সাথে নিয়ে অধিকতর তদন্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) নির্দেশ দেন। আদেশের পরিপ্রেক্ষিতে জেলা পিবিআই'র পুলিশ সুপার মামলাটি তদন্তের জন্য উপ-পুলিশ পরিদর্শক (এসআই) মো. রবিউল ইসলামকে দায়িত্ব প্রদান করেন। পিবিআই কর্মকর্তা মো. রবিউল ইসলাম তদন্ত শেষে আসামি হারুন-অর রশিদের বিরুদ্ধে জাল জালিয়াতির সত্যতা পেয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের সুপারিশসহ গত ২০ মে আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেন।
মামলার নির্ধারিত তারিখে গত ১২ অক্টোবর আসামি হারুন-অর রশিদ আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন। ওই আদালতের বিজ্ঞ বিচারক ফজলুল হক শুনানি শেষে জামিন না মঞ্জুর করে তাকে বরিশাল কেন্দ্রীয় কারাগারে প্রেরণের নির্দেশ দেন। পরবর্তীতে মঙ্গলবার (১৩ অক্টোবর) আসামিপক্ষের আইনজীবী বরিশাল চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পুনরায় জামিনের জন্য আবেদন করেন। শুনানির পর বিজ্ঞ বিচারক তার জামিন না মঞ্জুর করেন।