রংপুরের তারাগঞ্জ উপজেলায় শারদীয় দুর্গোৎসব ২০২৬ উদযাপন উপলক্ষে পূজা মণ্ডপসমূহের মাঝে সরকারি অনুদান প্রদান এবং এক প্রস্তুতিমূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এই সভাটি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য, রংপুর-২ (তারাগঞ্জ-বদরগঞ্জ) এ টি এম আজহারুল ইসলাম। উপজেলা নির্বাহী অফিসার মোনাববর হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইজার উদ্দিন ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হারুন উর রশিদ। মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে স্থানীয় বিভিন্ন পূজা উদযাপিত মণ্ডপের সভাপতি-সাধারণ সম্পাদক এবং বিভিন্ন দপ্তরের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভায় বক্তারা শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। আইনশৃঙ্খলা রক্ষা, মণ্ডপসমূহের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সরকারের পক্ষ থেকে বরাদ্দকৃত অনুদান সঠিকভাবে বিতরণের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পরিশেষে, উপজেলার প্রতিটি পূজা মণ্ডপে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সকলের সম্মিলিত সহযোগিতা কামনা করা হয়।