‘এসো সুশিক্ষিত হয়ে আলোকিত মানুষ হই’-এই স্লোগানকে সামনে রেখে চাঁদপুর মকবুল-রাজিয়া ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ অক্টোবর, ২০২৬) দুপুর সাড়ে ১২টায় ঐতিহ্যবাহী বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজ (কলেজ শাখা) মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক চাঁদপুর কণ্ঠের প্রধান সম্পাদক রোটারিয়ান কাজী শাহাদাত। প্রধান অতিথির বক্তব্যে কাজী শাহাদাত বলেন, "মেধাবী শিক্ষার্থীদের পড়ালেখা যাতে মাঝপথে থেমে না যায়, সে জন্য এইচএসসি থেকে শুরু করে অনার্স ও মাস্টার্স পর্যন্ত তাদের প্রয়োজনীয় পৃষ্ঠপোষকতা করতে হবে।"
মকবুল-রাজিয়া ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা লায়ন মাহমুদ হাসান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মোশাররফ হোসেন। এছাড়া অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কলেজ শিক্ষক হুমায়ুন কবির, মামুনুর রহমান, মো. মাসুম পাটওয়ারী ও মো. রাসেল মিয়া। অনুষ্ঠানে ফাউন্ডেশনের বিভিন্ন উদ্যোগ এবং ভবিষ্যতের মহৎ লক্ষ্যগুলো বিস্তারিত তুলে ধরেন এর প্রতিষ্ঠাতা লায়ন মাহমুদ হাসান খান। প্রাথমিক পর্যায়ে বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজের ৬ জন মেধাবী শিক্ষার্থী-কানিজ ফাতেমা, মারিয়া আক্তার, সুমাইয়া আক্তার, ইসরাত জাহান রিয়া, নাদিয়া নিসা ও জাহিদ হাসানকে নগদ দুই হাজার টাকা করে বৃত্তি এবং লায়ন মাহমুদ হাসান খান রচিত ‘জীবনের গল্প’ বইটি উপহার হিসেবে প্রদান করা হয়।