পার্বতীপুরে রেল পরিদর্শন মোটর ট্রলি ভেঙে পিডাব্লিউআইসহ আহত ৫

এফএনএস (ওবায়দুল ইসলাম; সৈয়দপুর, নীলফামারী) : | প্রকাশ: ১৫ অক্টোবর, ২০২৬, ০১:১৫ পিএম
পার্বতীপুরে রেল পরিদর্শন মোটর ট্রলি ভেঙে পিডাব্লিউআইসহ আহত ৫

দিনাজপুরের পার্বতীপুরে রেলপথ পরিদর্শনের কাজে ব্যবহৃত মোটর ট্রলি ভেঙে রেলওয়ের ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী (পথ) বা পিডাব্লিউআই শেখ আল আমিনসহ পাঁচজন আহত হয়েছেন। তাঁদের মধ্যে শেখ আল আমিনের অবস্থা গুরুতর। তাঁকে প্রথমে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

১৪ অক্টোবর বেলা পৌনে ১২টার দিকে ফুলবাড়ী থেকে বিরামপুর যাওয়ার পথে পার্বতীপুর-ফুলবাড়ী-বিরামপুর রেলপথের ৩৫১/৬-৭ কিলোমিটার এলাকায় রেলওয়ের আউটার সিগন্যাল অতিক্রম করার সময় এ দুর্ঘটনা ঘটে। আহত অন্য চারজন হলেন ট্রলিম্যান আবু তাহের লিটন, মোস্তাফিজুর রহমান, জিকরুল হক ও হাসান আলী। তাঁরা বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। রেলের হ্যামারম্যান মোস্তাফিজুর রহমান জানান, প্রতিদিন নিয়মিতভাবে মোটর ট্রলি নিয়ে রেলপথের ত্রুটি-বিচ্যুতি পরীক্ষা করতে হয়। মঙ্গলবার ফুলবাড়ী থেকে বিরামপুরের দিকে যাওয়ার সময় ৩৫১/৬-৭ কিলোমিটার এলাকায় আউটার সিগন্যাল অতিক্রমের মুহূর্তে হঠাৎ মোটর ট্রলিটি দুমড়েমুচড়ে ভেঙে পড়ে। এতে ট্রলির সামনের দিকে থাকা পিডাব্লিউআই শেখ আল আমিন রেললাইনের ওপর পড়ে গুরুতর আহত হন এবং জ্ঞান হারিয়ে ফেলেন। এ সময় ট্রলিতে থাকা আরও চারজন আহত হন।

পার্বতীপুর রেলওয়ের পথ (পিডাব্লিউআই) কার্যালয়ের অফিস সহকারী সবুজ মিয়া বলেন, এ মুহূর্তে স্যারের অবস্থা ভালো নয়। বিরামপুর থেকে তাঁকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পার্বতীপুর রেলওয়ের সহকারী নির্বাহী প্রকৌশলী আবু জাফর মো. রাকিব হাসান বলেন, দুর্ঘটনাটি গুরুতর। শেখ আল আমিনের হাত, পা ও কপালে বড় ধরনের জখম হয়েছে। বর্তমানে তিনি দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

রেলওয়ে সূত্রে জানা গেছে, রেলপথের নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত পরিদর্শনের জন্য এ ধরনের মোটর ট্রলি ব্যবহার করা হয়। ট্রলির সামনের দিকে বসে পিডাব্লিউআই রেললাইন পর্যবেক্ষণ করেন। এ সময় দুটি রেল সমান স্তরে রয়েছে কি না, রেললাইনের জোড়ার আংটা ও নাট-বল্টু ঠিক আছে কি না, কোথাও রেললাইন বেঁকে গেছে কি না এবং স্লিপারের সঙ্গে যুক্ত রেলবারের সংযোগ ঠিক আছে কি না, তা পরীক্ষা করা হয়। পিডাব্লিউআইয়ের তত্ত্বাবধানে পরিচালিত মোটর ট্রলিতে ট্রলিম্যানের পাশাপাশি কিম্যান, রাজমিস্ত্রি, ইলেকট্রিশিয়ান ও খালাসিরাও দায়িত্ব পালন করেন। জরুরি মেরামতকাজের জন্য এতে ওয়েল্ডিং মেশিন, শাবল, গাইতি, করাত ও কাটিং মেশিনসহ বিভিন্ন সরঞ্জাম রাখা হয়। তবে কী কারণে চলন্ত অবস্থায় মোটর ট্রলিটি ভেঙে পড়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

আপনার জেলার সংবাদ পড়তে