হাত পরিষ্কারের পাশাপাশি পরিচ্ছন্ন পরিবেশের দীপ্ত শপথ শিক্ষার্থীদের

এফএনএস (মিজানুর রহমান; চাঁদপুর) : | প্রকাশ: ১৫ অক্টোবর, ২০২৬, ০৬:২১ পিএম
হাত পরিষ্কারের পাশাপাশি পরিচ্ছন্ন পরিবেশের দীপ্ত শপথ শিক্ষার্থীদের

বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে চাঁদপুরে তৈরি হলো পরিচ্ছন্নতার এক অনন্য দৃষ্টান্ত। স্বেচ্ছাসেবী সংগঠন ‘ক্লিন চাঁদপুর’-এর উদ্যোগে সহস্রাধিক শিক্ষার্থী একত্রিত হয়ে নিয়মিত হাত ধোয়া ও পরিবেশ পরিচ্ছন্ন রাখার বিশেষ অঙ্গীকার গ্রহণ করেছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ঐতিহ্যবাহী হাসান আলী স্কুল ও মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা এক হয়ে এই শপথ নেয়। তাদের শপথবাক্য পাঠ করান ক্লিন চাঁদপুরের সভাপতি অ্যাডভোকেট নুরুল আমিন খান আকাশ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, "চারপাশে ময়লা, টিস্যু বা প্লাস্টিক দেখলেই তা নিজ দায়িত্বে পরিষ্কার করার অভ্যাস গড়ে তোলো। পরিচ্ছন্ন হাত আর সতেজ চারপাশই সুন্দর জীবনের মূল ভিত্তি।"

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) খায়রুল কবীর। উপস্থিত ছিলেন দুই বিদ্যাপীঠের প্রধান শিক্ষকসহ অন্যান্য অতিথিবৃন্দ। অনুষ্ঠানের শেষ পর্বে শিক্ষার্থীরা আকর্ষণীয় ভঙ্গিতে সঠিক নিয়মে হাত ধোয়ার কৌশল প্রদর্শন করে। উল্লেখ্য, তরুণদের সামাজিক সংগঠন 'ক্লিন চাঁদপুর' প্রতিষ্ঠার পর থেকেই পরিবেশ পরিচ্ছন্নতা, সড়ক সংস্কার ও মানবিক সহযোগিতায় প্রশংসনীয় ভূমিকা রেখে আসছে।

আপনার জেলার সংবাদ পড়তে