লৌহজংয়ে মা ইলিশ রক্ষায় অবৈধ কারেন্ট জাল জব্দ, একজনের কারাদণ্ড

এফএনএস (আবু নাসের খান লিমন; লৌহজং, মুন্সীগঞ্জ) :
| আপডেট: ১৫ অক্টোবর, ২০২৬, ০৭:০২ পিএম | প্রকাশ: ১৫ অক্টোবর, ২০২৬, ০৭:০২ পিএম
লৌহজংয়ে মা ইলিশ রক্ষায় অবৈধ কারেন্ট জাল জব্দ, একজনের কারাদণ্ড

মুন্সিগঞ্জের লৌহজংয়ে পদ্মা নদীতে অবৈধ কারেন্ট জালের ব্যবহার বন্ধ এবং মা ইলিশ রক্ষায় যৌথ অভিযান চালিয়েছেন উপজেলা প্রশাসন। এ অভিযানে আনুমানিক ১০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। এ সময় অবৈধ জাল ব্যবহার ও ইলিশ নিধনের অপচেষ্টার অভিযোগে শাহীন শেখ নামে এক ব্যক্তিকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাঁকে ১৫ দিনের কারাদণ্ড প্রদান করেন। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত পদ্মা নদীর লৌহজং অংশে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় ও কোস্ট গার্ডের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। 

অভিযান চলাকালে জব্দ করা প্রায় ১০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ঘটনাস্থলেই পুড়িয়ে ধ্বংস করা হয়। তবে জব্দ করা জালে কোনো মাছ পাওয়া যায়নি। অভিযানে আটক শাহীন শেখের বিরুদ্ধে অবৈধ জাল ব্যবহার ও ইলিশ মাছ নিধনের অপচেষ্টার অভিযোগে লৌহজং উপজেলা নির্বাহী অফিসার ফারজানা ববি মিতুর পরিচালিত ভ্রাম্যমাণ আদালত ১৫ দিনের কারাদণ্ডের আদেশ দেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ইলিশের প্রজনন ও সংরক্ষণ নিশ্চিত করতে অবৈধ জাল ব্যবহার এবং ইলিশ আহরণ বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। আগামী ২৯ অক্টোবর পর্যন্ত অভিযান কার্যক্রম চলমান থাকবে। নদীতে অবৈধ জালের ব্যবহার বন্ধ, মা ইলিশ সংরক্ষণ এবং ইলিশের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের এ অভিযান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

আপনার জেলার সংবাদ পড়তে