পোর্টসমাউথের বিপক্ষে লালকার্ড দেখলেন হামজা চৌধুরী

এফএনএস স্পোর্টস | প্রকাশ: ১৫ অক্টোবর, ২০২৬, ০৭:৪৮ পিএম
পোর্টসমাউথের বিপক্ষে লালকার্ড দেখলেন হামজা চৌধুরী

ইংলিশ চ্যাম্পিয়নশিপে পোর্টসমাউথের বিপক্ষে ম্যাচে লালকার্ড দেখে মাঠ ছাড়তে হয়েছে বাংলাদেশের তারকা মিডফিল্ডার হামজা চৌধুরীকে। দুইবার হলুদ কার্ড দেখায় লালকার্ডের মুখে পড়েন শেফিল্ড ইউনাইটেডের এই ফুটবলার। ফলে ব্রিস্টল সিটির বিপক্ষে ম্যাচে তার খেলা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। ম্যাচ চলাকালে দুটি পৃথক ঘটনায় হলুদ কার্ড দেখেন বাংলাদেশের এই মিডফিল্ডার। ফুটবলের নিয়ম অনুযায়ী, একই ম্যাচে দুইবার হলুদ কার্ড দেখলে খেলোয়াড়কে লালকার্ড দেখিয়ে মাঠ থেকে বহিষ্কার করা হয়। হামজার ক্ষেত্রেও ঘটেছে সেটিই। তবে রেফারির এই সিদ্ধান্ত মেনে নিতে পারেননি শেফিল্ড ইউনাইটেডের কোচ ক্রিস ওয়াইল্ডার। ম্যাচ শেষে ক্ষোভ প্রকাশ করে তিনি দাবি করেন, হামজাকে লালকার্ড দেখানো হবে না বলে তাদের ইঙ্গিত দেওয়া হয়েছিল। সংশ্লিষ্ট ঘটনায় হামজার যাওয়ার আর কোথায় সুযোগ ছিল, তা বুঝতে পারছেন না বলেও মন্তব্য করেন তিনি। রেফারির অন্যান্য সিদ্ধান্ত নিয়েও অসন্তোষ প্রকাশ করেন ওয়াইল্ডার। যদিও কর্মকর্তাদের সরাসরি সমালোচনার ক্ষেত্রে সতর্ক অবস্থান নেন শেফিল্ড ইউনাইটেডের এই কোচ। তার মতে, ঘটনাটিতে তাদের দল ন্যায্য আচরণ পায়নি। তবে প্রতিপক্ষের খেলোয়াড়দের রেফারির কাছে আবেদন জানানোর অধিকারও স্বীকার করেছেন তিনি। পোর্টসমাউথের কাছে হারের পর ১০ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় ১৫ নম্বরে রয়েছে শেফিল্ড ইউনাইটেড। অন্যদিকে, ৯ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে ১৬ নম্বরে পোর্টসমাউথ। হামজার সম্ভাব্য এক ম্যাচের নিষেধাজ্ঞা শেফিল্ড ইউনাইটেডের জন্য নতুন দুশ্চিন্তা হয়ে দাঁড়িয়েছে। তবে ব্রিস্টল সিটির বিপক্ষে তার খেলার বিষয়টি নিশ্চিত হতে আনুষ্ঠানিক সিদ্ধান্তের অপেক্ষা করতে হবে।