এডভোকেট মাধবী মার্মা এমপি

বিএনপি সরকার কে টেনে হেঁচড়ে নামানোর ষড়যন্ত্র সফল হতে দেয়া হবে না

এফএনএস (কৃষ্ণচন্দ্র মজুমদার; হাতিয়া, নোয়খালী) : | প্রকাশ: ১৬ অক্টোবর, ২০২৬, ১০:৫৯ এএম
বিএনপি সরকার কে টেনে হেঁচড়ে নামানোর ষড়যন্ত্র সফল হতে দেয়া হবে না

"বিএনপি সরকার কে টেনে-হিঁচড়ে নামানোর ষড়যন্ত্র সফল হতে দেয়া হবে না "’-এমন মন্তব্য করেছেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য (নোয়াখালী-৬ হাতিয়া আসনের দায়িত্ব প্রাপ্ত) অ্যাডভোকেট মাধবী মার্মা। তিনি বলেন, ‘‘নানা ষড়যন্ত্র ও প্রতিকূলতা মোকাবিলা করে বিএনপিকে সাংগঠনিকভাবে শক্তিশালী রাখতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। তিনি আরো বলেন বিএনপি প্রতি হিংসার রাজনীতিতে বিশ্বাসী নয়।" বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেলে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় উপজেলা ও পৌরসভা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। হাতিয়া শহর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন হাতিয়া পৌরসভা বিএনপির সাবেক সভাপতি প্রফেসর মোকাররম বিল্যাহ শাহাদাত। সভায় হাতিয়ার সার্বিক পরিস্থিতি, স্থানীয় মানুষের সমস্যা, উন্নয়ন সম্ভাবনা এবং দ্বীপের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি নিয়ে আলোচনা হয়।

বক্তারা বলেন, ভৌগোলিকভাবে বিচ্ছিন্ন হাতিয়ার মানুষের জীবনযাত্রা এখনো নানা চ্যালেঞ্জের মুখে। নদীভাঙন, যোগাযোগব্যবস্থার দুরবস্থা, স্বাস্থ্যসেবার সীমাবদ্ধতা, শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষকসংকট এবং কর্মসংস্থানের অভাব দ্বীপবাসীর দীর্ঘদিনের সমস্যা।

বক্তারা আরও বলেন, মেঘনা নদী ও বঙ্গোপসাগরবেষ্টিত হাতিয়া প্রাকৃতিক সম্পদ, মৎস্যসম্পদ এবং ঐতিহাসিক ঐতিহ্যে সমৃদ্ধ একটি জনপদ। অথচ পরিকল্পিত উন্নয়ন ও পর্যাপ্ত সরকারি উদ্যোগের অভাবে এ অঞ্চলের বিপুল সম্ভাবনা পুরোপুরি কাজে লাগানো যাচ্ছে না। নদীভাঙনে বসতভিটা ও আবাদি জমি হারানোর পাশাপাশি জেলে, কৃষক ও ব্যবসায়ীদের জীবিকাও হুমকির মুখে পড়ছে। সভায় হাতিয়ার নৌযোগাযোগ আরও নিরাপদ ও সহজ করা, টেকসই বেড়িবাঁধ নির্মাণ, ভাঙন প্রতিরোধ, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং স্থানীয় তরুণদের কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি হাতিয়ার ঐতিহাসিক স্থান, লোকজ সংস্কৃতি ও প্রাকৃতিক সৌন্দর্য সংরক্ষণের মাধ্যমে পর্যটন সম্ভাবনা কাজে লাগানোর বিষয়টিও আলোচনায় উঠে আসে।

বক্তারা বলেন, হাতিয়ার উন্নয়ন শুধু অবকাঠামো নির্মাণের মধ্যে সীমাবদ্ধ নয়; এখানকার মানুষের নিরাপত্তা, জীবিকা, শিক্ষা, চিকিৎসা এবং ঐতিহ্য সংরক্ষণকেও সমান গুরুত্ব দিতে হবে। দ্বীপের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে রাজনৈতিক নেতৃত্ব, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট প্রশাসনের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। সভায় দলীয় সাংগঠনিক কার্যক্রম জোরদার, নেতাকর্মীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি এবং স্থানীয় মানুষের সমস্যা চিহ্নিত করে তা সমাধানে কার্যকর ভূমিকা রাখার ওপরও গুরুত্ব দেওয়া হয়। আয়োজকেরা আশা প্রকাশ করেন, এ ধরনের মতবিনিময়ের মাধ্যমে হাতিয়ার বাস্তব সমস্যা ও উন্নয়ন-সম্ভাবনা নিয়ে আলোচনা আরও বিস্তৃত হবে এবং দ্বীপবাসীর ন্যায্য দাবি যথাযথ কর্তৃপক্ষের কাছে তুলে ধরার সুযোগ তৈরি হবে। উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আমিরুল হায়দার চৌধুরী সাজ্জাদ ( ভিপি সাজ্জাদ), পৌরসভা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আশিক ইকবাল, বিএনপি নেতা সাব্বির উদ্দিন মাসুম, উপজেলা যুবদলের আহ্বায়ক ইসমাইল হোসেন ইলিয়াছ, সদস্যসচিব ফাহিম উদ্দিন, পৌরসভা যুবদলের আহ্বায়ক মমিন উল্লাহ রাসেল, সদস্যসচিব কাউছার মোস্তফা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব সুমন তালুকদার, পৌরসভা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক নজরুল ইসলাম, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রিয়াজ মাহমুদ, উপজেলা ছাত্রদলের সদস্যসচিব আবদুল হালিম, পৌরসভা ছাত্রদলের আহ্বায়ক শরিফুল ইসলাম দুখু, পৌরসভা ছাত্রদলের সদস্যসচিব ফরহাদ মাহমুদসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অনুষ্ঠানে অংশ নেন।

আপনার জেলার সংবাদ পড়তে