রংপুরের তারাগঞ্জে শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে দায়িত্ব পালনকারী আনসার ও ভিডিপি সদস্যদের নিয়ে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৬ অক্টোবর) তারাগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের আয়োজনে এ ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তারাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোনাববর হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তারাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ইজাহার উদ্দিন। ব্রিফিং প্যারেডে সভাপতিত্ব করেন উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা প্রণয় অধিকারী। এ সময় উপজেলা প্রশিক্ষিকা কবিতা রানী রায়সহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে অতিথিরা শারদীয় দুর্গাপূজায় দায়িত্ব পালনকারী আনসার ও ভিডিপি সদস্যদের করণীয় ও বর্জনীয় বিষয়ে সুনির্দিষ্ট নির্দেশনা দেন। পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করা, দায়িত্ব পালনে সতর্ক থাকা এবং সার্বিক কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সদস্যদের নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানানো হয়। এ সময় শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।