গোমস্তাপুরে

বিস্কুট কারখানায় আগুন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীকে সহায়তা দিলেন এমপি

এফএনএস (মোঃ আল মামুন বিশ্বাস; গোমস্তাপুর, চাঁপাইনবাবগঞ্জ) : | প্রকাশ: ১৬ অক্টোবর, ২০২৬, ০৭:০৮ পিএম
বিস্কুট কারখানায় আগুন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীকে সহায়তা দিলেন এমপি

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার পার্বতীপুর ইউনিয়নের আড্ডা বাজারসংলগ্ন একটি বিস্কুট কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা । শুক্রবার (১৬ অক্টোবর) ভোররাত ৩টার দিকে এ আগুনের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এ ঘটনায় কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।

ক্ষতিগ্রস্ত কারখানাটি স্থানীয় ব্যবসায়ী মো. আব্দুস সাত্তার (ভাদু) মালিকানাধীন ‘সতেজ বেকারি’ বা ‘সততা বিস্কুট অ্যান্ড ব্রেড ফ্যাক্টরি’ নামে পরিচিত। আগুনে উৎপাদিত বিস্কুট, কাঁচামাল ও বিভিন্ন যন্ত্রপাতি পুড়ে যায়।

উপজেলা ফায়ার স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা মহাতাব উদ্দিন মৃধা জানান, প্রাথমিকভাবে কারখানার চুল্লি বা ওভেন থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তিনি জানান, প্রায় ৩ লক্ষাধিক টাকা ক্ষয়ক্ষতি হতে পারে বলে প্রাথমিক ভাবে ধারণা করছেন।

এদিকে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কারখানাটি শুক্রবার পরিদর্শন করেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ড. মু. মিজানুর রহমান। তিনি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীর খোঁজখবর নেন এবং তার ব্যক্তিগত তহবিল থেকে তাৎক্ষণিক আর্থিক সহায়তা দেন। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীকে নতুন করে ঘুরে দাঁড়াতে সহযোগিতার জন্য স্থানীয় বাসিন্দা ও সামর্থ্যবান ব্যক্তিদের এগিয়ে আসার আহ্বান জানান।

আপনার জেলার সংবাদ পড়তে