খুলনায় পৃথক দুটি ট্রেনে কাটা পড়ে বৃদ্ধসহ দুইজন নিহত হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) নগরীর খানজাহান আলী থানার ফুলবাড়িগেট ও আলমনগর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, নগরীর খানজাহান আলী থানার ফুলবাড়িগেট মীরেরডাঙ্গা এলাকার নুর ইসলামের ছেলে মাহফুজুল ইসলাম সিয়াম (১৯) ও খালিশপুর থানার আলমনগর এলাকার মৃত খবিরউদ্দিনের ছেলে জয়নাল আবেদীন (৮৩)। খুলনা রেলওয়ে থানার (জিআরপি) সহকারী পরিদর্শক (এসআই) এসএম রায়হান এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, ভোর সাড়ে ৫টার দিকে নগরীর ফুলবাড়ীগেট এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা আন্ত:নগর চিত্রা ট্রেনে কাটা পড়ে মাহফুজুল ইসলাম সিয়াম নিহত হয়। এছাড়া সকাল ৯টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা আন্ত:নগর রূপসা ট্রেনের ধাক্কায় জয়নাল আবেদীন নিহত হয়। উভয়ের লাশ উদ্ধার করে খুলনা মেডিক্যল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।