চাঁদপুরে সম্প্রীতির বন্ধনে দুর্গাপূজা উদযাপনে

এমপি শেখ ফরিদ আহম্মেদ মানিকের উদ্যোগে সর্বদলীয় মতবিনিময়

এফএনএস (মিজানুর রহমান; চাঁদপুর) : | প্রকাশ: ১৭ অক্টোবর, ২০২৬, ০৪:২২ পিএম
এমপি শেখ ফরিদ আহম্মেদ মানিকের উদ্যোগে সর্বদলীয় মতবিনিময়

ধর্ম যার যার, রাষ্ট্র সবার-উৎসবমুখর, শান্তিপূর্ণ ও নিচ্ছদ্র নিরাপত্তায় শারদীয় দুর্গাপূজা উদযাপনে চাঁদপুরজুড়ে গড়ে উঠেছে সাম্প্রদায়িক সম্প্রীতি ও সর্বদলীয় ঐক্যের অভূতপূর্ব দৃষ্টান্ত। চাঁদপুরে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে ও আনন্দঘন পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে সর্বদলীয় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৭ অক্টোবর) বেলা ১১টায় চাঁদপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহম্মেদ মানিকের বাসভবন মনিরা ভবনে  এই গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিকের আমন্ত্রণে ও উদ্যোগে আয়োজিত এ সভায় রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে উঠে স্থানীয় রাজনৈতিক ও ধর্মীয় নেতৃবৃন্দ এক টেবিলে মিলিত হন। সভায় জেলা বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, জাতীয় নাগরিক  পার্টি (এনসিপি), গণঅধিকার পরিষদ, খেলাফত মজলিস, গণফোরাম, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন, হেফাজতে ইসলাম, জমিয়তে উলামায়ে ইসলাম এবং ছারছিনাসহ বিভিন্ন ধর্মীয় ও সামাজিক সংগঠনের শীর্ষ প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

সভায় সভাপতির বক্তব্যে সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহম্মেদ মানিক বলেন, “বাংলাদেশ সম্প্রীতির দেশ। 'ধর্ম যার যার, রাষ্ট্র সবার'-এই নীতিতে বিশ্বাস রেখে আমাদের অসাম্প্রদায়িক চেতনাকে ধারণ করতে হবে। চাঁদপুরে সনাতন ধর্মাবলম্বীরা যেন সম্পূর্ণ ভয়হীন, নিরাপদ ও আনন্দমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপন করতে পারেন, সে জন্য আমরা সবাই প্রস্তুত। পারস্পরিক সহযোগিতা, সম্প্রীতি ও সহাবস্থান বজায় রেখে উৎসব উদযাপনে সবাইকে সর্বাত্মক ভূমিকা রাখার আহ্বান জানাচ্ছি।”

মতবিনিময় সভায় উপস্থিত বিভিন্ন রাজনৈতিক ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ বলেন, শারদীয় দুর্গাপূজায় হিন্দু সম্প্রদায়ের পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করা এবং পূজা মণ্ডপগুলোতে যেকোনো ধরনের বিশৃঙ্খলা রোধে তারা ঐক্যবদ্ধভাবে কাজ করবেন। আইনশৃঙ্খলা রক্ষা ও উৎসবের শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে প্রতিটি এলাকায় সকল দলের নেতা-কর্মীরা স্বেচ্ছাসেবক হিসেবে দায়িত্ব পালন ও সার্বিক সহযোগিতা করার প্রত্যয় ব্যক্ত করেন।

ফ্যাসিবাদ বিরোধী ঐতিহাসিক এই সর্বদলীয় মতবিনিময় সভার মাধ্যমে চাঁদপুরে ধর্মীয় সম্প্রীতি ও সামাজিক বন্ধন আরও সুদৃঢ় হলো বলে মনে করছেন স্থানীয় সচেতন মহল। উল্লেখ্য, এ বৈঠকে এমপি শেখ ফরিদ আহম্মেদ মানিকের পাশে ছিলেন ১২ ফেব্রুয়ারি ২০২৬ ত্রয়োদশ  জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর -৩ সদর আসনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জেলা জামায়াতের সেক্রেটারী অ্যাড. মো. শাহাজান মিয়া। যিনি এ আসনে দাঁড়িপাল্লার প্রতীকে ১ লাখের উপরে ভোট পেয়েছিলেন। বিএনপি সরকার গঠন করে রাষ্ট্রীয় ক্ষমতায় আসার পর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ বাদে  চাঁদপুরে অধিকাংশ  রাজনৈতিক দলের নেতৃবৃন্দের উপস্থিতিতে সর্বদলীয় বৈঠক এটাই প্রথম বলে জান যায়।

আপনার জেলার সংবাদ পড়তে