বরিশালের মুলাদীতে ৫০০ পিস ইয়াবাসহ মো. আব্দুল হক খান (৩৫) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার সকাল ১০টার দিকে উপজেলার সফিপুর ইউনিয়নের চরমালিয়া গ্রামের ব্যাপারীর হাট লঞ্চঘাটের টোল আদায়ের ঘরে অভিযান চালিয়ে তাকে ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। আব্দুল হক খান উপজেলার চরকালেখান ইউনিয়নের ষোলঘর গ্রামের মো. মোসলেম খানের ছেলে।
পুলিশ জানায়, শনিবার দিবাগত রাতে ঢাকা থেকে লঞ্চে ইয়াবার চালান মুলাদীতে আসছিলো। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ একাধিক লঞ্চঘাটে নজরদারী শুরু করে। রোববার সকাল ১০টার দিকে চরমালিয়া ব্যাপারীরহাট লঞ্চঘাটে অভিযান চালিয়ে আব্দুল হক খানকে আটক করে তল্লাশী করা হয়। ওই সময় তার সঙ্গে থাকা ৫০০ পিস ইয়াবা জব্দ করা হয়।
মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মো. সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ইয়াবাসহ যুবক গ্রেপ্তারের ঘটনায় পুলিশ বাদী হয়ে মাদক আইনে মামলা করেছে। তাকে বিকেলে বরিশাল আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।