মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগের পেছনে অস্ত্র হাতে রাস্তায় নামার ঘটনা ছাড়াও বিএনপির অভ্যন্তরীণ কোন্দল রয়েছে কি না, সেই প্রশ্ন তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব ও সংসদ সদস্য আখতার হোসেন। একই সঙ্গে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, মাদক নিয়ন্ত্রণে ব্যর্থতা এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভূমিকা নিয়ে সমালোচনা করেছেন তিনি। তাঁর দাবি, শুধু একজন প্রতিমন্ত্রীর পদত্যাগে পরিস্থিতির উন্নতি হবে না, অপরাধ নিয়ন্ত্রণে সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।
সোমবার (১৯ অক্টোবর) সকালে ঢাকেশ্বরী মন্দিরে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন আখতার হোসেন। এদিন এক সংবাদ সম্মেলনেও ইশরাকের পদত্যাগ এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নিজের বক্তব্য তুলে ধরেন তিনি।
আখতার হোসেন বলেন, দেশে বিভিন্ন স্থানে মাদক, চাঁদাবাজি, গুম, খুন ও ধর্ষণের মতো ঘটনা ঘটছে। এসব অপরাধ নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট সংস্থাগুলোর কার্যকর ভূমিকা দেখা যাচ্ছে না। ইশরাকের অস্ত্র হাতে মাঠে নামার ঘটনা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যর্থতাকে আবার সামনে এনেছে বলেও মন্তব্য করেন তিনি।
এনসিপির এই নেতা বলেন, “ইশরাকের পদত্যাগ কি শুধুমাত্র অস্ত্র উঁচিয়ে সামনে আসার জন্য, নাকি বিএনপির অন্তর্কোন্দলেরও একটা বিষয় এখানে আছে।” তাঁর মতে, ইশরাকের পদত্যাগের মধ্য দিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সরকারের অঙ্গীকারের প্রতিফলন স্পষ্ট নয়।
দেশে মাদক নিয়ন্ত্রণে দায়িত্বপ্রাপ্ত সংস্থাগুলোর কার্যকারিতা নিয়ে প্রশ্ন তোলেন আখতার হোসেন। তাঁর অভিযোগ, মাদক প্রতিরোধে সংশ্লিষ্ট সংস্থাগুলো কার্যকর ভূমিকা রাখতে পারছে না। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ও কার্যত অকার্যকর অবস্থায় রয়েছে।
দেশের সীমান্ত অরক্ষিত থাকার অভিযোগ তুলে তিনি বলেন, সীমান্ত দিয়েই বিভিন্ন ধরনের মাদক বাংলাদেশে প্রবেশ করছে। এসব মাদকের প্রবেশ ঠেকাতে কার্যকর ব্যবস্থা নেওয়া জরুরি।
আখতার হোসেনের ভাষ্য, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণে রাষ্ট্র যথাযথ ব্যবস্থা নিতে পারছে না বলেই ইশরাককে অস্ত্র হাতে রাস্তায় নামতে হয়েছে। তবে ইশরাকের পদত্যাগের পেছনে অস্ত্র হাতে মাঠে নামার ঘটনা ছাড়াও বিএনপির অভ্যন্তরীণ কোন্দলের কোনো ভূমিকা আছে কি না, তা নিয়েও প্রশ্ন রয়েছে বলে মন্তব্য করেন তিনি।
আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন এনসিপির সদস্যসচিব। তিনি বলেন, সীমান্ত সুরক্ষিত করতে হবে, যাতে অবৈধ মাদক দেশে প্রবেশ করতে না পারে। একই সঙ্গে অপরাধ নিয়ন্ত্রণে সরকারকে বাস্তবভিত্তিক পদক্ষেপ নিতে হবে।
আখতার হোসেন বলেন, “শুধুমাত্র আইওয়াশ বা মন্ত্রীর পদত্যাগের মতো ঘটনার মধ্য দিয়ে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে না।” তাঁর দাবি, স্বরাষ্ট্রমন্ত্রীর ভূমিকা ও ব্যর্থতার বিষয়গুলো চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি থেকে উত্তরণে সরকারের কাছে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান তিনি।