শারদীয় দুর্গাপূজার ছুটি উপলক্ষে সোনারগাঁয়ের বিভিন্ন পর্যটনকেন্দ্র গুলো পর্যটকের পদচারণায় মুখর হয়ে উঠেছে । তারা সোনারগাঁয়ে অবস্থিত বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন (সোনারগাঁ জাদুঘর), ঐতিহাসিক পানাম নগর, বাংলার তাজমহল, পিরামিড, লোকনাথ ব্রাহ্মচারীর আশ্রম, পশ্চিম বঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী জ্যুতী বসুর বাড়ী দেখার জন্য দূর দুরান্ত থেকে আসছে। গতকাল মঙ্গলবার সোনারগাঁয়ের বিভিন্ন পর্যটন কেন্দ্র গুলো ঘুরে দেখা গেছে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মের পর্যটকেরা দুরদুরান্ত থেকে হিন্দু ধর্মাবলম্বীদের তীর্থস্থান লোকনাথ ব্রাহ্মচারীর আশ্রমে পূজা আর্চনা দিতে এসে পর্যটন কেন্দ্র গুলো ঘুরে দেখেন। তারা প্রাচীন বাংলার ইতিহাস, ঐতিহ্য ও স্থাপত্যশৈলী কাছ থেকে দেখতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসেন । নানা বয়সী মানুষ কেউ আসেন তাদের পরিবার পরিজন নিয়ে আবার কেউ বন্ধুদের সঙ্গে, কেউবা আসেন ইতিহাসের নানান অধ্যায়ের খোঁজে। পর্যটকেরা বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের বিভিন্ন গ্যালারি ও পানাম নগরের ঐতিহাসিক ভবনগুলোর সামনে ছবি তোলা, পুরোনো স্থাপত্য ঘুরে দেখা এবং নগরীর অতীত ইতিহাস জানার মধ্য দিয়ে সময় কাটায়। এছাড়াও আগ্রার তাজমহলের আদলে সোনারগাঁয়ের পেরাব এলাকায় চিত্রনির্মাতা শিল্পপতি আহছানউল্লা মনির নির্মিত বাংলার তাজমহল ও পিরামিড দেখতেও মানুষ ভিড় করছে । বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের গবেষণা কর্মকর্তা এ কে এম মুজ্জাম্মিল হক বলেন, পূজা উপলক্ষে জাদুঘর দেখতে দর্শনার্থীর সংখ্যা অন্যান্য সময়ের তুলনায় অনেক বেড়েছে । বাংলার তাজমহলের ডাইরপক্টর মোঃ সিরাজদৌল্লাহ ভূঁইয়া উজ্জল বলেন, পূজায় পর্যটকদের সংখ্যা বেড়েছে । রাস্তাগুলো ভালো হলে এ সংখ্যা আরো বাড়ত । কুমিল্লা থেকে পরিবার নিয়ে ঘুরতে আসা সবিতা সাহা বলেন, সোনারগাঁ ঘুরে দেখা এটা একটা অন্য রকম অভিজ্ঞতা। এখানকার পুরোনো ভবন ও স্থাপত্য দেখলে ইতিহাসের সঙ্গে এক ধরনের সংযোগ তৈরি হয়।