টি-টোয়েন্টি দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল ইংল্যান্ডের বিপক্ষে। তারপর খেলেছেন জিম্বাবুয়ে সিরিজেও, যেখানে সর্বকনিষ্ঠ হাফ সেঞ্চুরিয়ান হয়েছেন। তারপর থেকে ভারতের ৮ ম্যাচে বেঞ্চ গরম করেছেন বৈভব সূর্যবংশী। নিউজিল্যান্ডের বিপক্ষে শুরু হতে যাওয়া সিরিজেও একাদশে জায়গা হবে না বলেই জানিয়ে দিলেনন অধিনায়ক শ্রেয়াস আইয়ার। টপ অর্ডারে ধারাবাহিকভাবে রান করে যাচ্ছেন অভিষেক শর্মা ও সাঞ্জু স্যামসন। এই বছরের শুরুতে ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ে দুজনে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। তাদের সরিয়ে একাদশে সূর্যবংশীর জায়গা পাওয়া সহজ হবে না বললেন আইয়ার। তবে সময় এলে ঠিকই তার সুযোগ মিলবে। নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজ শুরুর আগে আইয়ার বললেন, ‘এটা গুরুত্বপূর্ণ যে তার (সূর্যবংশী) মতো একজন প্রতিভাবান খেলোয়াড় ড্রেসিংরুমে যেন খুশি থাকে। তার বয়স অল্প। তার সুযোগ পাওয়ার জন্য বহু বছর পড়ে আছে। মনে হচ্ছে না সে এখন জায়গা পাবে, কারণ আমাদের ওপেনাররা ধারাবাহিকভাবে রান করছে এবং তারা বিশ্বকাপ জিতেছে।’ এশিয়ান গেমসে সূর্যবংশীকে ওপেনিংয়ে সুযোগ করে দিতে স্যামসনকে তিন নম্বরে নামিয়েছিল ভারত। আইয়ারের বিশ্বাস, বিদেশের পরিবেশ সূর্যবংশীকে ভবিষ্যতের জন্য প্রস্তুত করতে সাহায্য করবে। তিনি বলেন, ‘আপনি যদি দেখেন, যখন সে বিদেশে আসছে, তখন সে ভালো ধারণা পাচ্ছে যে কীভাবে এই ধরনের উইকেটে খেলতে হয়। পরেরবার, যখন সে এই ধরনের কন্ডিশনে আসবে, তিনি খুব ভালোভাবে প্রস্তুত থাকবেন। সে দলের অন্য সদস্যদেরও নির্দেশনা দিতে পারবে, যারা প্রথমবার দলে ঢ়ুকবে।’