খুলনার রূপসা উপজেলার গ্রামের মধ্যে পিডিবি’র ১১ হাজারের হাই ভোল্টেজ বিদ্যুৎলাইনে স্পৃষ্ট হয়ে হান্নান (৪৮) নামে এক মুদি ব্যবসায়ী গুরুতর আহত হয়েছে। গত মঙ্গলবার বিকেলে উপজেলার বাগমারা গ্রামে এ ঘটনা ঘটে। বর্তমানে সে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
হান্নানের পারিবারিক সূত্রে জানা গেছে, উপজেলার বাগমারা গ্রামে মুদি ব্যবসায়ী হান্নান মঙ্গলবার বিকেলে তার নির্মাণাধীন দ্বিতীয়তলা ভবনের ছাদের সেমি ওয়ালে পানি দিতে থাকে। এসময় ছাদের পাশ থেকে যাওয়া ১১ হাজার ভোল্টের লাইনে হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয় সে। নিকটস্থ অপর একটি ভবনের ছাদ থেকে স্থানীয় বাসিন্দারা বিষয়টি প্রত্যক্ষ করে ডাক চিৎকার করতে থাকলে পরিবারের সদস্যরা তাকে দ্রুত উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। হান্নানের মাথা রক্তাক্ত জখম এবং ডান কাঁধ ও পা পুড়ে গেছে। গতকাল বুধবার বিকেল পর্যন্ত হান্নানের জ্ঞান ফেরেনি।
এলাকাবাসী জানায়, গ্রামের মধ্যে পিডিবির ১১ হাজার ভোল্টের খোলা তারের লাইন দেওয়ায় মারাত্মক ঝুঁকি দেখা দিয়েছে। ওই এলাকার বাসিন্দা সাংবাদিক এস এম মাহবুবুর রহমানের বাড়ির সামনে রাস্তার পাশে স্থাপন করা হয়েছে ১১ হাজার ভোল্টের লাইনের ট্রান্সমিটার। বিদ্যুৎ চলে যাওয়ার পর যখন আসে তখন বিকট শব্দে ফায়ার করে। অনেক সময় আগুনও ধরে যায়। এ নিয়ে ওই স্থানের আশেপাশের বাসিন্দারা চরম আতঙ্কে রয়েছে। তারা ট্রান্সমিটার অন্যত্র সরিয়ে নেওয়াসহ বিদ্যুৎ লাইনের বিকল্প ব্যবস্থার দাবি জানিয়েছে।
পিডিবি রূপসার উপসহকারী প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মুদি ব্যবসায়ী আহত হওয়ার বিষয়টি আমার জানা নেই। অফিস খোলার পর এ ব্যাপারে খোঁজখবর নেবো। পাশাপাশি সরজমিন পরিদর্শন এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনাপূর্বক বিদ্যুৎ লাইনের ঝুঁকি দূর করতে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে।