সাইবার হামলার ঝুঁকিতে বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট

নিজস্ব প্রতিবেদক | প্রকাশ: ২২ অক্টোবর, ২০২৬, ০৮:২৯ পিএম
সাইবার হামলার ঝুঁকিতে বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট
ছবি: সংগৃহীত

পিএইচপি প্রোগ্রামিং ভাষার দুটি গুরুতর নিরাপত্তা ত্রুটি শনাক্ত হওয়ার পর সাইবার হামলার ঝুঁকি এড়াতে সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সন্ধ্যায় ওয়েবসাইটে প্রবেশের চেষ্টা করলে রক্ষণাবেক্ষণসংক্রান্ত বার্তা দেখা যায়। কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, জরুরি নিরাপত্তাজনিত সমস্যার কারণে ওয়েবসাইট বন্ধ রাখা হয়েছে। নিরাপত্তাঝুঁকি পর্যালোচনা ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পর এটি আবার চালু করা হবে।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বিষয়টি নিশ্চিত করেছেন। কেন্দ্রীয় ব্যাংকের এক কর্মকর্তা জানান, এটি শুধু বাংলাদেশ ব্যাংকের সমস্যা নয়, বিশ্বব্যাপী সতর্কতামূলক পদক্ষেপের অংশ হিসেবে ওয়েবসাইট বন্ধ রাখা হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় কেন্দ্রীয় ব্যাংকের ওয়েবসাইটে প্রবেশ করলে ‘The Service is under Maintenance’ বার্তা দেখা যায়। সেখানে জানানো হয়, নির্ধারিত রক্ষণাবেক্ষণ কার্যক্রমের কারণে সেবা সাময়িকভাবে বন্ধ রয়েছে এবং শিগগিরই তা আবার চালু করা হবে।

ওয়েবসাইট বন্ধ রাখার পেছনে পিএইচপি প্রোগ্রামিং ভাষার দুটি গুরুতর নিরাপত্তা ত্রুটিকে কারণ হিসেবে দেখা হচ্ছে। ওয়েবসাইট তৈরি ও পরিচালনায় বহুল ব্যবহৃত এই প্রযুক্তির ত্রুটিগুলো কাজে লাগিয়ে হ্যাকাররা ব্যবহারকারীর পরিচয় যাচাই ছাড়াই দূর থেকে আক্রান্ত সার্ভারে ক্ষতিকর কোড চালাতে পারে। এতে সার্ভারের নিয়ন্ত্রণ নেওয়া, ফাইল ও ডেটাবেজে থাকা তথ্য চুরি এবং ওয়েবসাইটের কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।

বিবিসির প্রতিবেদনে সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞদের সতর্কতার কথা উঠে এসেছে। রয়টার্সের তথ্য অনুযায়ী, নিরাপত্তা ত্রুটি দুটি শনাক্ত হওয়ার পর বিশ্বের বিভিন্ন দেশের সরকারি ও বাণিজ্যিক প্রতিষ্ঠান সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে নিজেদের ওয়েবসাইট ও অনলাইন সেবা সাময়িকভাবে বন্ধ রেখেছে।

বাংলাদেশ ব্যাংকের পাশাপাশি পিএইচপিভিত্তিক আরও কয়েকটি ব্যাংক ও প্রতিষ্ঠানের ওয়েবসাইটেও সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে কেন্দ্রীয় ব্যাংক সূত্র জানিয়েছে। তবে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে ইতিমধ্যে কোনো সাইবার হামলা হয়েছে কি না, সে বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

বাংলাদেশে এ বিষয়ে সতর্কতা জারি করেছে সরকারের সাইবার নিরাপত্তাসংক্রান্ত কার্যক্রম পরিচালনাকারী সংস্থা বিজিডি ই-গভ সার্ট। সংস্থাটির পরামর্শ অনুযায়ী, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে প্রথমে নিজেদের সার্ভারে কোথায় কোথায় পিএইচপি ব্যবহার করা হচ্ছে, তার তালিকা তৈরি করতে হবে। এরপর ব্যবহৃত পিএইচপির সংস্করণগুলো শনাক্ত হওয়া ত্রুটিতে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে রয়েছে কি না, তা যাচাই করতে হবে।

বুধবার (২১ অক্টোবর) পিএইচপির নিরাপত্তা ত্রুটি সংশোধনে জরুরি আপডেট প্রকাশ করা হয়েছে। পিএইচপির আনুষ্ঠানিক নিরাপত্তা পরামর্শেও ব্যবহারকারীদের দ্রুত সংশ্লিষ্ট সংস্করণ হালনাগাদ করার আহ্বান জানানো হয়েছে।

পিএইচপি একটি বহুল ব্যবহৃত সার্ভারভিত্তিক প্রোগ্রামিং ভাষা। সরকারি প্রতিষ্ঠান, সংবাদমাধ্যম, ই-কমার্স প্ল্যাটফর্মসহ বিভিন্ন অনলাইন সেবা পরিচালনায় এটি ব্যবহৃত হয়। তবে কোনো ওয়েবসাইটে পিএইচপি ব্যবহার করা হলেই সেটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে না। ব্যবহৃত সংস্করণ, নিরাপত্তা হালনাগাদ এবং সার্ভারের সুরক্ষাব্যবস্থার ওপর ঝুঁকির মাত্রা নির্ভর করে।

সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে, এ ধরনের পরিস্থিতিতে সার্ভারের ব্যবহৃত সফটওয়্যারের সংস্করণ শনাক্ত করে প্রয়োজনীয় নিরাপত্তা হালনাগাদ করা জরুরি। তাৎক্ষণিকভাবে ত্রুটি সংশোধন সম্ভব না হলে ফায়ারওয়াল ব্যবহার, অননুমোদিত সংযোগ সীমিত করা এবং প্রয়োজনে সার্ভার সাময়িকভাবে ইন্টারনেট থেকে বিচ্ছিন্ন রাখার মতো পদক্ষেপ নেওয়া যেতে পারে।

বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ থাকায় কেন্দ্রীয় ব্যাংকের বিভিন্ন তথ্য ও অনলাইন সেবা ব্যবহারে সাময়িক অসুবিধা হতে পারে। তবে ওয়েবসাইটটি পুনরায় চালুর নির্দিষ্ট সময় জানানো হয়নি। নিরাপত্তাঝুঁকি পর্যালোচনা ও প্রয়োজনীয় ব্যবস্থা সম্পন্ন হওয়ার পর এটি চালুর উদ্যোগ নেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে