পরিবার পেল ৮৫ হাজার টাকা

সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত শাহেদের মরদেহ দেশে

নিজস্ব প্রতিবেদক | প্রকাশ: ২৩ অক্টোবর, ২০২৬, ১২:১১ পিএম
সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত শাহেদের মরদেহ দেশে
ছবি: সংগৃহীত

সৌদি আরবের রিয়াদে কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত বাংলাদেশি প্রবাসী মো. শাহেদ আহম্মেদের মরদেহ দেশে পৌঁছেছে। শুক্রবার (২৩ অক্টোবর) সকাল ৮টা ৩৫ মিনিটে মরদেহবাহী বিমানটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। পরে মরদেহ গ্রহণ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। এ সময় শাহেদের পরিবারকে দাফন ও যাতায়াত খরচ এবং বিশেষ অনুদান হিসেবে মোট ৮৫ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে শাহেদের মরদেহ দেশে ফেরানোর তথ্য জানানো হয়। মরদেহ দ্রুত ফিরিয়ে আনতে সৌদি আরবে বাংলাদেশ দূতাবাস ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় সৌদি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছিল বলে জানান শামা ওবায়েদ।

শাহেদ বগুড়ার শাজাহানপুর উপজেলার মাদলা গ্রামের বাসিন্দা। গত ১০ অক্টোবর রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলায় তিনি নিহত হন। ওই ঘটনায় নিহত অপর বাংলাদেশি মো. নাসরুল্লাহ বদরপুরির বাড়ি কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বদরপুর গ্রামে। তিনি ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে গিয়েছিলেন। হামলায় আরও বাংলাদেশি আহত হন।

শাহেদের পরিবারের জন্য আরও আর্থিক সহায়তার ব্যবস্থা করা হয়েছে। তাঁর নিয়োগকারী প্রতিষ্ঠান সা’দ আল ঈসা কন্ট্রাক্টিং কোম্পানি বকেয়া বেতন, ভাতা ও চাকরির অন্যান্য সুবিধা বাবদ ২৭ হাজার ৩৯৫ দশমিক ৬২ সৌদি রিয়াল বাংলাদেশ দূতাবাসের রিয়াদ কার্যালয়ের হিসাবে জমা দিয়েছে। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ৯ লাখ টাকা।

মন্ত্রণালয় জানিয়েছে, জমা হওয়া অর্থ শিগগিরই ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মাধ্যমে শাহেদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এ ছাড়া শাহেদের বিএমইটি কার্ড বা বৈধ কর্মসংস্থানের পরিচয়পত্র থাকার বিষয়টি যাচাই করে তাঁর পরিবারকে আরও ৩ লাখ টাকা সহায়তা দেওয়া হতে পারে। প্রযোজ্য বিমা সুবিধার আওতায় পরিবারটি আরও ১০ লাখ টাকা পর্যন্ত পাওয়ার সুযোগ রয়েছে।

শাহেদের মরদেহ গ্রহণের সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম জানান, গত এক মাসে সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় মোট তিন বাংলাদেশি নিহত হয়েছেন। বাকি দুজনের মরদেহ দেশে ফিরিয়ে আনতে সরকার চেষ্টা চালাচ্ছে।

শাহেদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য সৌদি আরবে বাংলাদেশ দূতাবাস ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সৌদি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছিল বলেও জানান প্রতিমন্ত্রী।

আপনার জেলার সংবাদ পড়তে