সিরাজগঞ্জের রায়গঞ্জে বিশ্বাস সুপার মার্কেটে অগ্নিকাণ্ডে তিন ব্যবসায়ীর গোডাউন, মেশিন ও মালামালসহ কয়েকটি দোকান এবং পাশের একতা প্লাজার স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে প্রাথমিকভাবে প্রায় ১ কোটি লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাত ১২টার দিকে উপজেলার চান্দাইকোনা বন্দরের বাসস্ট্যান্ড এলাকায় এ অগ্নিকাণ্ড ঘটে। খবর পেয়ে রায়গঞ্জ ফায়ার সার্ভিসের একটি দল প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, মো. জহুরুল ইসলামের তুলার গোডাউন, মেশিন ও লেপ-তোষক পুড়ে প্রায় ৪৫ লাখ টাকা, মিলন হোসেনের ফ্রিজের গোডাউনে ২০ লাখ টাকা এবং জহুরুলের ভাই সাখাওয়াত হোসেনের গোডাউন, মেশিন ও মোটরসাইকেল পুড়ে ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। এ ছাড়া আতিকুল ইসলামের দোকানে ১০ লাখ, শফিক ইসলামের দোকানে ৫ লাখ, মার্কেটের মালিক হাসান বিশ্বাসের স্থাপনায় ১০ লাখ এবং পাশের একতা প্লাজার মালিক আমিনুল ইসলামের প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
রায়গঞ্জ ফায়ার সার্ভিসের টিম লিডার মো. মাহফুজুর রহমান জানান, প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তদন্ত শেষে প্রকৃত কারণ জানা যাবে।
সিরাজগঞ্জ পল্লীবিদ্যুৎ সমিতির ভূঞাগাঁতী জোনাল অফিসের ডিজিএম মো. নেজামুল ইসলাম জানান, বৈদ্যুতিক ওয়্যারিংয়ে নিম্নমানের তার ব্যবহারের কারণে শর্টসার্কিট হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসানুজ্জামান জানান, দোকানিরা ঘুমিয়ে থাকা অবস্থায় আগুন লাগে, এ ঘটনায় কেউ হতাহত হননি।