ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার পুটিজানা ইউনিয়নের গাড়াজান গ্রামে সেচ পাম্পে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক কৃষি শ্রমিকের মৃত্যু হয়েছে। কৃষি শ্রমিকের নাম আশরাফ আলী (৪০)। সে ঐ গ্রামের লোকমান হোসেনের ছেলে।
শুক্রবার (২৩ অক্টোবর) দুপুরে ঐ কৃষি শ্রমিক শহীদ ফরাজির বেগুন ক্ষেতে পানি সেচ দিতে গিয়ে সেচ পাম্পে লিকেজ তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়।
পরে তাকে স্থানীয়রা অচেতন অবস্থায় উদ্ধার করে পাশেই শিবগঞ্জ বাজারে নিলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষনা করেন।
পুটিজানা ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ড সদস্য নমাজ আলী কৃষি শ্রমিক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, বিদ্যুৎস্পৃষ্টে নিহত আশরাফ আলী কৃষি শ্রমিক ছিল। মানুষের বাড়ি বাড়ি কাজ করে জীবিকা নির্বাহ করতেন।
ফুলবাড়ীয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রাশেদুল হাসান জানান, এখন পর্যন্ত বিষয়টি কেউ জানায়নি। খোজ নিয়ে ব্যবস্থা গ্রহন করা হবে।