রাজধানীর মগবাজারে জনপ্রিয় সংগীতশিল্পী ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (২৪ অক্টোবর) ভোরে বিশাল সেন্টার শপিংমলের সামনে পার্ক করা গাড়িটিতে গুলির ঘটনা ঘটে। সে সময় গাড়িতে ছিলেন না আসিফ। তিনি শপিংমলের ওপরের তলায় নিজের অফিসে ছিলেন এবং গাড়িতে ওঠার প্রস্তুতি নিচ্ছিলেন। এ ঘটনায় কেউ হতাহত হননি।
আসিফ আকবর নিজেই গুলির ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মগবাজারে বিশাল সেন্টারের সামনে তাঁর ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি চালানো হয়। ঘটনার পর বিষয়টি হাতিরঝিল থানা পুলিশকে জানানো হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনার বিস্তারিত খতিয়ে দেখছে।
হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, গুলির সময় আসিফ আকবর গাড়িতে ছিলেন না। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
তবে কারা গুলি চালিয়েছে, কী উদ্দেশ্যে এ ঘটনা ঘটানো হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। জড়িত ব্যক্তিদের শনাক্ত করার পাশাপাশি ঘটনার পেছনের কারণ অনুসন্ধানে কাজ করছে পুলিশ।
ঘটনার পর আসিফ আকবরের স্ত্রী বেগম সালমা আসিফ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দেন। স্বামী নিরাপদে থাকায় সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি লেখেন, ‘ভোর পাঁচটার ঘটনা..., আল্লাহ পাক হেফাজতের মালিক, আমিন।’
সংগীতাঙ্গনের পরিচিত মুখ আসিফ আকবর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তাঁর গাড়ি লক্ষ্য করে গুলির ঘটনায় কে বা কারা জড়িত, তা জানতে পুলিশের তদন্তের অগ্রগতির দিকে নজর রয়েছে।