আমরাও চাই হাসিনা ফিরুন, মানুষ তাঁর বিচার দেখতে চায়: মীর শাহে আলম

এফএনএস ( মো: রাজিবুল ইসলাম রক্তিম; বগুড়া) : | প্রকাশ: ২৪ অক্টোবর, ২০২৬, ০২:৪১ পিএম
আমরাও চাই হাসিনা ফিরুন, মানুষ তাঁর বিচার দেখতে চায়: মীর শাহে আলম

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি বলেছেন, শেখ হাসিনা দেশে ফিরে আসুন, সেটি তাঁরাও চান। কারণ, দেশের মানুষ তাঁর বিচার দেখতে চায়। একই সঙ্গে তিনি বলেছেন, ইতিহাস কখনো মুছে ফেলা যায় না। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণার ইতিহাস এবং দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার আপসহীন রাজনৈতিক অবস্থান কেউ পরিবর্তন করতে পারবে না। শনিবার (২৪ অক্টোবর) দুপুর ১টায় বগুড়ার মোকামতলা উপজেলার সৈয়দপুর ইউনিয়নের রাধাকান্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গ তুলে মীর শাহে আলম বলেন, মাঝেমধ্যে দেশে ফেরার হুমকি দেওয়া হলেও তিনি আর দেশে ফিরতে পারছেন না। অন্যদিকে তারেক রহমানের দেশে ফেরার দিন বিপুলসংখ্যক মানুষ ঢাকায় সমবেত হয়েছিলেন। তাঁর ভাষ্য, এই দুই ঘটনার মধ্য দিয়ে জনগণের ভালোবাসা ও জনসমর্থনের পার্থক্য স্পষ্ট হয়েছে। বিএনপির রাজনৈতিক অবস্থান তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, শহীদ জিয়ার প্রতিষ্ঠিত বিএনপি দীর্ঘদিন ধরে জনপ্রিয়তা ধরে রেখেছে। দলটির নেতাকর্মীরা শহীদ জিয়ার আদর্শের অনুসারী হিসেবে গর্ববোধ করতে পারেন। জনগণের ভালোবাসা ও আস্থাই বিএনপির সবচেয়ে বড় শক্তি বলে মন্তব্য করেন তিনি। জামায়াতে ইসলামীর সমালোচনা করে মীর শাহে আলম বলেন, জামায়াতকে ভোট দিয়ে মানুষ এখন আফসোস করছে। আমরা বেহেশতের গ্যারান্টি দিতে পারব না, তবে উন্নয়নের গ্যারান্টি দিতে চাই। তিনি বলেন, মানুষের নিরাপত্তা নিশ্চিত করা, প্রতিটি পরিবারের হাতে ফ্যামিলি কার্ড এবং কৃষকের হাতে কৃষক কার্ড পৌঁছে দেওয়া সরকারের অন্যতম লক্ষ্য। সাধারণ মানুষের জীবনমান উন্নয়ন ও অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করতে সরকার কাজ করছে বলেও উল্লেখ করেন তিনি। ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের আর্থিক নিরাপত্তার বিষয়টি তুলে ধরে প্রতিমন্ত্রী দাবি করেন, জামায়াত এ বিষয়ে কার্যকর উদ্যোগ নেয়নি। অন্যদিকে প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁদের মাসিক সম্মানীর ব্যবস্থা করেছেন বলে তিনি উল্লেখ করেন। সরকারের জনকল্যাণমূলক কার্যক্রমে অনুপ্রাণিত হয়ে আগে জামায়াতকে ভোট দিয়েছেন, এমন ব্যক্তিদের বিএনপির পতাকাতলে আসার আহ্বান জানান তিনি। মোকামতলাকে নতুন উপজেলা হিসেবে প্রতিষ্ঠার প্রসঙ্গে মীর শাহে আলম বলেন, এটি বিএনপি ও প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকার বাস্তবায়নের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। মোকামতলার মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে এ উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন উপজেলার অবকাঠামো উন্নয়নসহ বাকি কাজগুলো পর্যায়ক্রমে বাস্তবায়নেরও আশ্বাস দেন তিনি। বক্তব্যের শেষ পর্যায়ে প্রধানমন্ত্রী তারেক রহমান, তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান এবং কন্যা ব্যারিস্টার জাইমা রহমানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও কল্যাণ কামনায় উপস্থিত সবার কাছে দোয়া চান প্রতিমন্ত্রী। মোকামতলা উপজেলা বিএনপির আহ্বায়ক মাহমুদ হাসান তৌফিকের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে আরও বক্তব্য দেন শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি এসএম তাজুল ইসলাম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল ওহাব, মোকামতলা উপজেলা বিএনপির সদস্যসচিব রোকন-উদ-দৌলা রুবেল, শিবগঞ্জ উপজেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক মীর শাকরুল আলম সীমান্ত, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল করিম এবং শিবগঞ্জ উপজেলা যুবদলের সভাপতি খালিদ হাসান আরমানসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতারা।

আপনার জেলার সংবাদ পড়তে