ফিলিপাইনে দুটি সামরিক বিমান বিধ্বস্ত, চার পাইলট নিহত

এফএনএস (অনলাইন ডেস্ক):
| আপডেট: ২৪ অক্টোবর, ২০২৬, ০৩:২৪ পিএম | প্রকাশ: ২৪ অক্টোবর, ২০২৬, ০৩:২২ পিএম
ফিলিপাইনে দুটি সামরিক বিমান বিধ্বস্ত, চার পাইলট নিহত

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ফিলিপাইনে প্রশিক্ষণের সময় সামরিক বাহিনীর দুটি বিমানের মধ্যে আকাশে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে চারজন পাইলট নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির বিমান বাহিনী।

শুক্রবার (২৩ অক্টোবর) বিকেলে রাজধানী ম্যানিলার দক্ষিণে অবস্থিত ফার্নান্দো বিমানঘাঁটিতে এসএফ-২৬০ মডেলের একক প্রপেলারযুক্ত বিমান দুটি বিধ্বস্ত হয়।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, ফিলিপাইন বিমান বাহিনীর মুখপাত্র কর্নেল আলভিন ক্যাপিনগুইয়ান এক বিবৃতিতে দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘উভয় বিমানই ঘাঁটির সীমানার ভেতরে বিধ্বস্ত হয়েছে। এ ছাড়া অন্য কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।’

সব এসএফ-২৬০ বিমানের উড্ডয়ন স্থগিত

দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে ফিলিপাইনের বিমান বাহিনী। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে দেশটির বিমান বাহিনীর সব এসএফ-২৬০ মডেলের বিমানের উড্ডয়ন সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে বলে জানিয়েছেন মুখপাত্র ক্যাপিনগুইয়ান।

তবে কী কারণে প্রশিক্ষণ চলাকালে বিমান দুটির মধ্যে সংঘর্ষ হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তদন্তের মাধ্যমে দুর্ঘটনার প্রকৃত কারণ নির্ধারণের চেষ্টা চলছে।

আগেও ঘটেছে প্রাণঘাতী দুর্ঘটনা

সাম্প্রতিক বছরগুলোতে ফিলিপাইনের সামরিক বিমানে বেশ কয়েকটি প্রাণঘাতী দুর্ঘটনা ঘটেছে। এর আগে চলতি বছরের মে মাসে দেশটির উত্তরাঞ্চলের বেঙ্গুয়েত প্রদেশে প্রশিক্ষণের সময় এসএফ-২৬০ মডেলের আরেকটি বিমান বিধ্বস্ত হয়। ওই দুর্ঘটনায় দুই সামরিক পাইলট নিহত হয়েছিলেন বলে জানিয়েছিল দেশটির কর্তৃপক্ষ।

সর্বশেষ এ দুর্ঘটনায় চার পাইলটের মৃত্যুর ঘটনায় ফিলিপাইনের সামরিক বিমান চলাচলের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

সূত্র: এনডিটিভি

আপনার জেলার সংবাদ পড়তে