জাইমা রহমানের জন্মদিনে শিক্ষা উপকরণ বিতরণ, বিনামূল্যে চক্ষুচিকিৎসা

এফএনএস ( মো: রাজিবুল ইসলাম রক্তিম; বগুড়া) :
| আপডেট: ২৫ অক্টোবর, ২০২৬, ০৩:২৩ পিএম | প্রকাশ: ২৫ অক্টোবর, ২০২৬, ০৩:০৮ পিএম
জাইমা রহমানের জন্মদিনে শিক্ষা উপকরণ বিতরণ, বিনামূল্যে চক্ষুচিকিৎসা

কেক কেটে উৎসবের পরিবর্তে শিক্ষার্থীদের উপহার প্রদান ও অসহায় মানুষের চিকিৎসাসেবার মধ্য দিয়ে ব্যতিক্রমী আয়োজনে ব্যারিস্টার জাইমা রহমানের জন্মদিন পালন করা হয়েছে। এ উপলক্ষে বগুড়ার শিবগঞ্জ ও মোকামতলা উপজেলার ৫৪৮ জন মেধাবী ছাত্রীর হাতে গোলাপি রঙের বাইসাইকেল তুলে দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি। পাশাপাশি ১ হাজার ৫০০ শিক্ষার্থীর মধ্যে বিতরণ করা হয়েছে জাইমা রহমানের ছবি সংবলিত মগ। দুই দিনে প্রায় চার হাজার মানুষকে বিনামূল্যে চক্ষুসেবা দেওয়ার কথাও জানিয়েছে আয়োজকরা। রোববার (২৫ অক্টোবর) সকাল ১১টায় শিবগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে সাইকেল ও উপহার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান ও ডা. জুবাইদা রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমানের জন্মদিন উপলক্ষে এ কর্মসূচি নেওয়া হয়। আয়োজকদের মতে, নারীশিক্ষার প্রসার, বিদ্যালয়ে যাতায়াতের ভোগান্তি কমানো এবং শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করাই এ উদ্যোগের মূল লক্ষ্য। অনুষ্ঠানে প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, নারীশিক্ষার উন্নয়ন ও শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। আজকের ছাত্রীরাই আগামীর ভবিষ্যৎ। তাদের শিক্ষার পরিবেশ উন্নত করতে সমাজের সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তিনি আরও বলেন, শিক্ষার্থীরা যাতে নিরাপদে বিদ্যালয়ে যাতায়াত করতে পারে এবং পড়াশোনা অব্যাহত রাখতে পারে, তা নিশ্চিত করা জরুরি। বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে সামাজিক সচেতনতা বাড়াতে হবে। এ ক্ষেত্রে অভিভাবক, শিক্ষক ও সংশ্লিষ্ট সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি। প্রতিমন্ত্রী বলেন, ফ্যাসিস্ট হাসিনার শাসনামলেও তিনি জাইমা রহমানের জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল, এতিমদের খাবার বিতরণ ও চিকিৎসাসেবাসহ বিভিন্ন মানবিক কর্মসূচি পালন করেছেন। গত ২০ বছর ধরে জিয়া পরিবারের মঙ্গল কামনায় প্রতি শুক্রবার দেওয়ানতলা মাজার এলাকায় অসহায় মানুষের মধ্যে দুপুরের খাবার বিতরণ করা হচ্ছে বলেও জানান তিনি। মানুষের কল্যাণে কাজ করাই এসব উদ্যোগের উদ্দেশ্য বলে উল্লেখ করেন মীর শাহে আলম। এদিকে, রোববার দুপুর ১২টায় শিবগঞ্জের আলিয়ারহাট রোকেয়া-ছাত্তার উচ্চ বিদ্যালয় মাঠে দ্বিতীয় দিনের মতো বিনামূল্যে চক্ষুচিকিৎসা ও ছানি অপারেশন কার্যক্রম পরিচালিত হয়। আয়োজকদের তথ্য অনুযায়ী, প্রথম দিন মোকামতলা উপজেলার সৈয়দপুর ইউনিয়নে দুই হাজার মানুষকে বিনামূল্যে চক্ষুসেবা দেওয়া হয়। দুই দিনে মোট প্রায় চার হাজার মানুষ এ কার্যক্রমের আওতায় এসেছেন। চক্ষুসেবা কার্যক্রমে বক্তব্য দিতে গিয়ে প্রতিমন্ত্রী মীর শাহে আলম জামায়াতের রাজনীতির সমালোচনা করেন। তিনি অভিযোগ করেন, দলটি ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করে। তাঁর দাবি, ভোটের সময় বিভিন্ন ধর্মীয় ও সামাজিক কর্মকাণ্ডে অংশ নেওয়া হলেও ভোটের পর এসব তৎপরতা কমে যায়। ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের কল্যাণে প্রধানমন্ত্রী তারেক রহমান বিভিন্ন উদ্যোগ নিয়েছেন বলেও তিনি উল্লেখ করেন।প্রতিমন্ত্রী আরও বলেন, তারেক রহমান ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, বৃক্ষরোপণ, জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা ও খাল খননসহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছেন। নিজের নির্বাচনী এলাকার চোখের সমস্যায় ভোগা মানুষদের পর্যায়ক্রমে বিনামূল্যে চক্ষুসেবার আওতায় আনার প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান, প্রতিমন্ত্রীর সহধর্মিণী মীর লাবনী আক্তার, রুপসী বিডি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মীর শাকরুল আলম সীমান্ত, তাঁর স্ত্রী মীর ফারিয়া তাবাসসুম এবং প্রতিমন্ত্রীর কন্যা মীর সামারা সুনাতসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। অনুষ্ঠানের শেষে ব্যারিস্টার জাইমা রহমানসহ জিয়া পরিবারের সদস্যদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় দোয়া করা হয়।


আপনার জেলার সংবাদ পড়তে