চোট যেন লিটন কুমার দাসের নিত্যদিনের সঙ্গী হয়ে উঠেছে। গত জুনে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজে পাওয়া চোট টি-টোয়েন্টি সিরিজে খেলতে দেয়নি। এবার আফগানিস্তানের বিপক্ষে পাওয়া চোট তাকে খেলতে দিচ্ছে না ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টও। হিপ জয়েন্টে অস্বস্তির কারণে আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সদ্য শেষ হওয়া ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ থেকে ছিটকে যান লিটন। দেশে ফেরার পর স্ক্যান করানো হয়। তাতে কিছু সমস্যা পাওয়া গেছে। বিসিবির নির্বাচক প্যানেলের একজন সদস্য নাম না প্রকাশ করার শর্তে বলেন, প্রথম টেস্টে লিটনের খেলা নিয়ে শঙ্কা আছে। তিনি বলেন, ‘হ্যাঁ, মেডিকেল থেকে কিছু সমস্যা পাওয়ার কথা বলা হয়েছে। প্রথম টেস্টে তাকে পাওয়া নাও যেতে পারে। আমরা লিটনের সঙ্গে বসবো। এরপর ফিজিওর সঙ্গে কথা বলবো, তারপর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। তবে শঙ্কা তো আছেই।’ আগামী বুধবার ঢাকার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে মুখোমুখি হবে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় টেস্ট মাঠে গড়াবে আগামী ৫ নভেম্বর। প্রথম ম্যাচ না পারলেও দ্বিতীয় ম্যাচ খেলতে পারেন লিটন। অস্ট্রেলিয়ায় দুই ম্যাচের টেস্ট সিরিজে টানা তিন ইনিংসে শূন্য রানে আউট হন লিটন। এরপর আফগানিস্তানের বিপক্ষে প্রথম ইনিংসে ফিফটির পর দ্বিতীয় ইনিংসে করেন সেঞ্চুরি। উইকেটের পিছনেও গড়েন ডিসমিসালের রেকর্ড। তবে এমন ছন্দে থাকা অবস্থাতেই আবার চোটে পড়েন লিটন।