পাঁচবিবিতে ১০ দিনেই উঠে যাচ্ছে সড়কের পিচ, কার্পেটিংয়ে অনিয়মের অভিযোগ

এফএনএস (মোঃ আব্দুল হাই; পাঁচবিবি, জয়পুর হাট) : | প্রকাশ: ২৬ অক্টোবর, ২০২৬, ০৭:৩৮ পিএম
পাঁচবিবিতে ১০ দিনেই উঠে যাচ্ছে সড়কের পিচ, কার্পেটিংয়ে অনিয়মের অভিযোগ

পাঁচবিবি উপজেলার আটাপুর ইউনিয়নের গলাকাটা-আংড়া সড়কের কার্পেটিং কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। কাজ শেষ হওয়ার ১০ থেকে ১৫ দিনের মধ্যেই হাত ও পা দিয়ে ঘষা দিলেই  উঠে যাচ্ছে পিচ। রাস্তার উপর দিয়ে গাড়ি জোরে গেলে ও পিচ থাকছে না। উপজেলা প্রকৌশল অধিদপ্তর সূত্রে জানা যায়, ৮৫ লক্ষ টাকা ব্যয়ে বৃহত্তর পাবনা-বগুড়া জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় গলাকাটা-আংড়া ৯৮০ মিটার দৈর্ঘ্যরে সড়কটির কার্যাদেশ পান ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স লিনা এন্টারপ্রাইজ। কাজের শুরু থেকেই নিম্নমানের ইট ও খোয়া ব্যবহারের অভিযোগ করেন এলাকাবাসী। কাজের সময় এলাকাবাসীর বাধার মুখে কিছু খোয়া পরিবর্তন করা হয়। এবার কার্পেটিংয়ে নিম্নমানের বিটুমিন ব্যবহার এবং পরিমাণে কম দেওয়ার অভিযোগ উঠেছে ঠিকাদারের বিরুদ্ধে। এতে সড়কের স্থায়িত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। সরেজমিন দেখতে গেলে  উপজেলার আটাপুর ইউনিয়নের দাউদপুর গ্রামের মোয়াজ্জেম হোসেন আামার দেশকে বলেন "রাস্তাটির কাজ শুরু থেকেই নিম্নমানের সামগ্রী দিয়ে পাকাকরণের কাজ চলছে । বাধা দিলেও কর্ণপাত করেননি ঠিকাদার। ৮/১০ দিন আগে রাস্তায় পিচ দিয়েছে কিন্তু এখনই পিচ উঠে যাচ্ছে। আমরা প্রতিবাদ করলে ঠিকাদার ভাড়াটে লোক এনে আমাদের হুমকি দিচ্ছে। আমরা আর কি করবো" একই গ্রামের হারুনুর রশিদ বলেন" রাস্তায় পিচ ঢালার সময় নিম্নমানের উপকরণ  দিয়ে কাজ করার কারণে আমরা প্রতিবাদ করলে তারা বলেন এটা শক্ত হতে ১৫ দিন সময় লাগবে। অথচ ১৫ দিন পার হওয়ার পরও পিচ উঠে যাচ্ছে,  ফলে পিচ উঠে যাওয়া জায়গায়   নতুন করে পিচ দেওয়া হচ্ছে। এ বিষয়ে   জিজ্ঞেস করলে নির্মান কর্তৃপক্ষ এখন বলছে ২৮ দিন সময় লাগবে। চোখের সামনে অনিয়ম হচ্ছে, প্রতিবাদ করলেই তারা উল্টো  হুমকি দিচ্ছে। এ বিষয়ে ঠিকাদার মাহাবুব হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, অতিরিক্ত তাপমাত্রা থাকার কারণে পিচ জমতে একটু সময় লাগছে। কিছুদিন গেলেই এটি ঠিক হয়ে যাবে। তবে হুমকি দেওয়ার বিষয়টি তিনি  অস্বীকার করেন। উপজেলা প্রকৌশলী মো. মাহমুদুল হাসান বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে কার্পেটিং তুলে ফেলার বিষয়টি জেনেছি, সংশ্লিষ্ট ঠিকাদারসহ যৌথভাবে পরিদর্শন করে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার জেলার সংবাদ পড়তে