সিসি ক্যামেরায় ধরা পড়লো ১ মিনিটে ২ খুন

এফএনএস (খাইরুল ইসলাম বাসিত; পাবনা) : | প্রকাশ: ৩০ অক্টোবর, ২০২৬, ০৪:৫৩ পিএম
সিসি ক্যামেরায় ধরা পড়লো ১ মিনিটে ২ খুন

ঘড়িতে ঠিক সন্ধ্যা ৬টা ৪১ মিনিট। ৬ জন মুখোশধারী দুর্বৃত্ত পশ্চিম পাশ থেকে এসেই এলোপাথাড়ি গুলি। মাত্র ১ মিনিটের মধ্যে দুইজনকে গুলি করে মৃত্যু নিশ্চিত করে আবার পশ্চিম দিকেই ফিল্মি কায়দায় বীরদর্পে পালিয়ে যায়। যাওয়ার সময় ফাঁকা আকাশে গুলি ছুড়তে ছুড়তে চলে যায়, যাতে আশপাশের কেউ এগিয়ে না আসে। পাবনার আতাইকুলার পুষ্পপাড়া বাজার এলাকায় রিপন হোসেন (৪০) ও আব্দুস সালাম (৫০) নামের এক হাটের ইজারাদারকে গুলি করে হত্যার সময়ের সিসিটিভি ফুটেজে এ চিত্র দেখা গেছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সন্ধ্যা পৌনে ৭টার সময় সদর উপজেলার আতাইকুনা থানা এলাকার ঢাকা-পাবনা মহাসড়কের পুষ্পপাড়া বাজারে ঘটনা ঘটে। নিহত রিপন হোসেন আতাইকুলা থানায় এলাকা ধর্মগ্রামের মৃত ওমেদ আলীর ছেলে এবং আব্দুস সালাম একই এলাকার মৃত আরজ আলী ব্যাপারী ছেলে। আব্দুস সালাম পুষ্পপাড়া হাটের ইজারাদার। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, একের পর এক হত্যাকাণ্ডে থমথমে পাবনার আতাইকুলার পুষ্পপাড়া বাজার এলাকা। ২০১৪ সালের ৩০ মে সন্ধ্যায় এই বাজারেই প্রকাশ্যে ঠিক একইভাবে গুলি চালিয়ে চারজনকে হত্যা করে দুর্বৃত্তরা। চাঞ্চল্যকর সেই হত্যাকাণ্ডের রহস্য আজও উদঘাটন করতে পারেনি পুলিশ। এর এক যুগ পর আবারও রক্তাক্ত হলো একই বাজার। একই জায়গায় বারবার এমন হত্যাকাণ্ডে নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়েছে পুরো এলাকায়। শুধু পুষ্পপাড়া বাজার নয়, চরমপন্থী তৎপরতার জন্য পরিচিত আতাইকুলার বিভিন্ন এলাকায় অতীতেও ঘটেছে বহু হত্যাকাণ্ড।নিহত আব্দুস সালামের ভাই আব্দুল কালাম বলেন, আমার পরিবারকে নিশ্চিহ্ন করার জন্যই এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। ২০১৪ সালের ৪ জন হত্যাকাণ্ডের ঘটনায় আমাদের পরিবারের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছে। সেই হত্যাকাণ্ডের সময় আমি জেলে ছিলাম, তবুও আমার নামে মিথ্যা মামলা দিয়েছিল। এই এলাকায় অপরাধীরা আমাদের কারণে চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধ করতে পারে না, এইজন্যই আমাদের পরিবারকে নিশ্চিহ্ন করতে চাইছে। এদিকে নিহতদের মৃতদেহ ময়না তদন্তের পর আজ শুক্রবার দুপুরের দিকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এখন পর্যন্ত পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি। পাবনা পুলিশ সুপার আবু আশ্রাফ জানান, হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের চিহ্নিত করে গ্রেফতারের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন ইউনিট কাজ করছে। আতাউকুলা অঞ্চল আগে থেকেই চরমপন্থাসহ অপরাধপ্রবণ এলাকা। তবে আগের চেয়ে এখন এই অঞ্চলে অপরাধ কমে আসছে। আমি পাবনাতে আসার পর গত তিন মাসের মধ্যে এই প্রথম এই ঘটনা ঘটলো। আশা করি আমরা অপরাধীদের দ্রুত আইনের আওতায় নিয়ে আসতে পারবো।

আপনার জেলার সংবাদ পড়তে