প্রীতি ম্যাচের জন্য স্কোয়াড ঘোষণা দিলো ব্রাজিল

এফএনএস স্পোর্টস | প্রকাশ: ৩০ অক্টোবর, ২০২৬, ০৭:৩১ পিএম
প্রীতি ম্যাচের জন্য স্কোয়াড ঘোষণা দিলো ব্রাজিল

নভেম্বরে বছরের শেষ দুটি প্রীতি ম্যাচ খেলবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। সিঙ্গাপুরে ১৪ নভেম্বর জাপান এবং ১৭ নভেম্বর সিঙ্গাপুরের বিপক্ষে হতে যাওয়া ম্যাচ দুটির জন্য সেলেসাও কোচ কার্লো আনচেলত্তি ২৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছেন। যেখানে প্রথমবারের ডাক পেয়েছেন পাঁচ ফুটবলার। সর্বশেষ ২০২৬ বিশ্বকাপেও ব্রাজিল বিদায় নিয়েছিল শেষ ষোলো থেকে। ফলে কোপা আমেরিকা ও ফিফার পরবর্তী মেগা ইভেন্টকে সামনে রেখে দল পুনর্গঠনে মনোযোগ দিচ্ছেন আনচেলত্তি। সে কারণে তিনি দলে বেশ পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছেন। সেই ধারাবাহিকতায় প্রথমবার ব্রাজিল দলে ডাকা হয়েছে- ক্রুজেইরোর জোনাথন জেসুস, করিন্থিয়ান্সের আন্দ্রে লুইজ, ম্যানচেস্টার সিটির অ্যালান এবং শাখতার দোনেৎস্কের মারলন গোমেজ ও অ্যালিসন সান্তানা। জাতীয় দলে ডাক নতুন মুখ নিয়ে সংবাদ সম্মেলনে আনচেলত্তি বলেছেন, ‘প্রত্যেকেরই নিজস্ব গুণাবলি রয়েছে। জোনাথন জেসুস আমার কাছে খুব শক্তিশালী, দ্রুতগতির, আক্রমণাত্মক ও বুদ্ধিমান একজন ডিফেন্ডার বলে মনে হয়েছে। মারলন গোমেজও খুব গতিশীল। প্রত্যেকেরই নিজস্ব বৈশিষ্ট্য রয়েছে। তাদের আরও ভালোভাবে চেনা আমাদের জন্য গুরুত্বপূর্ণ।’ এদিকে, ব্রাজিলিয়ান চ্যাম্পিয়নশিপের শিরোপার লড়াইয়ে থাকা ফ্ল্যামেঙ্গো ও পালমেইরাসের খেলোয়াড়দের দলে না রাখার সিদ্ধান্ত নিয়েছে সিবিএফ। তবে লিগে অংশ নেওয়া অন্য ক্লাবগুলোর খেলোয়াড়দের ক্ষেত্রে এমন কোনো বিধি-নিষেধ ছিল না। এক্ষেত্রে এখনও শীর্ষ টুর্নামেন্টের ম্যাচ বাকি থাকা সংশ্লিষ্ট ক্লাবগুলোর ক্ষতি না করার বিষয়টি বিবেচনায় ছিল বলে জানান ব্রাজিল ফুটবলের পরিচালক রদ্রিগো কায়েতানো। আনচেলত্তি অবশ্য ব্রাজিলের প্রতিটি ক্লাব থেকে সর্বোচ্চ একজন করে খেলোয়াড় বেছে নিয়েছেন। ঘরোয়া লিগ থেকে ডাক পেয়েছেন ৬ ফুটবলার- কোরিতিবার পেদ্রো মরিস্কো, অ্যাতলেটিকো পারানায়েন্সের আর্থার দিয়াস, ক্রুজেইরোর জোনাথন জেসুস, করিন্থিয়ান্সের আন্দ্রে লুইজ, বোটাফোগোর দানিলো ও সান্তোসের গ্যাব্রিয়েল বোন্তেম্পো। তাদের বেশিরভাগই ইতোমধ্যে জাতীয় দলে অভিষেক ম্যাচ খেলেছেন। 

ব্রাজিলের স্কোয়াড-

গোলরক্ষক : বেন্তো (আল নাসর), লুকাস পেরি (তুরিনো) ও পেদ্রো মরিস্কো (কোরিতিবা)।

ডিফেন্ডার : আর্থার দিয়াস (অ্যাতলেটিকো পারানায়েন্সে), কার্লোস আগুস্তো (ইন্টার মিলান), ডগলাস সান্তোস (জেনিত), গ্যাব্রিয়েল মাঘালায়েস (আর্সেনাল), জাইর কুনহা (নটিংহাম ফরেস্ট), জোনাথন জেসুস (ক্রুজেইরো), ভেন্ডারসন (মোনাকো), ভিটর রেইস (ম্যানচেস্টার সিটি) ও ওয়েসলি (রোমা)।

মিডফিল্ডার : আন্দ্রে লুইজ (করিন্থিয়ান্স), আন্দ্রে সান্তোস (ম্যানচেস্টার ইউনাইটেড), ব্রুনো গুইমারেস (আর্সেনাল), দানিলো (বোটাফোগো), গ্যাব্রিয়েল বোন্তেম্পো (সান্তোস), জোয়াও গোমেজ (অ্যাস্টন ভিলা) ও মারলন গোমেজ (শাখতার দোনেৎস্ক)।

ফরোয়ার্ড : অ্যালিসন সান্তানা (শাখতার দোনেৎস্ক), অ্যালান (ম্যানচেস্টার সিটি), এন্ড্রিক (রিয়াল মাদ্রিদ), এস্তেভাও (চেলসি), রাফিনিয়া (বার্সেলোনা), রায়ান (বোর্নমাউথ) ও ভিনিসিয়ুস জুনিয়র (রিয়াল মাদ্রিদ)।

আপনার জেলার সংবাদ পড়তে