গাইবান্ধায় এইচএসসিতে শূন্য পাস দুই কলেজ পরীক্ষার্থী ছিলেন ৩ জন

এফএনএস (মোঃ শামিম উল হক শাহিন; গাইবান্ধা) : | প্রকাশ: ৩১ অক্টোবর, ২০২৬, ০৪:১৯ পিএম
গাইবান্ধায় এইচএসসিতে শূন্য পাস দুই কলেজ পরীক্ষার্থী ছিলেন ৩ জন

২০২৬ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীন গাইবান্ধা জেলার দুটি কলেজ থেকে কোনো শিক্ষার্থী পাস করতে পারেননি। প্রতিষ্ঠান দুটিতে মোট পরীক্ষার্থী ছিলেন মাত্র তিনজন। তাদের সবাই অকৃতকার্য হয়েছেন। শনিবার (৩১ অক্টোবর) প্রকাশিত পরীক্ষার ফলাফল থেকে এ তথ্য জানা গেছে। শূন্য পাস করা প্রতিষ্ঠান দুটি হলো পলাশবাড়ী উপজেলার ফকিরহাট মহিলা কলেজ ও সাঘাটা উপজেলার জুমারবাড়ী মহিলা কলেজ। এর মধ্যে ফকিরহাট মহিলা কলেজ থেকে দুজন এবং জুমারবাড়ী মহিলা কলেজ থেকে একজন পরীক্ষায় অংশ নেন। তাদের কেউই উত্তীর্ণ হতে পারেননি। জানা গেছে, দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীন ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় মোট ৪৯টি শিক্ষা প্রতিষ্ঠানের কোনো পরীক্ষার্থী পাস করতে পারেননি। এসব প্রতিষ্ঠানের মধ্যে গাইবান্ধার দুটি কলেজ রয়েছে।এদিকে শিক্ষাপ্রতিষ্ঠান দুটির ফলাফল নিয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। কলেজ দুটিতে পরীক্ষার্থীর সংখ্যা এত কম কেন এবং শিক্ষার পরিবেশ কেমন তা নিয়েও প্রশ্ন উঠেছে।এ বিষয়ে সাঘাটার জুমারবাড়ী মহিলা কলেজের অধ্যক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।অন্যদিকে পলাশবাড়ীর ফকিরহাট মহিলা কলেজের অধ্যক্ষ মাহবুবার রহমান রশিদ বলেন, এ বছর মানবিক বিভাগ থেকে নিয়মিত ও অনিয়মিত মিলিয়ে দুজন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নেন। তাদের কেউ পাস করেননি। ২০০০ সালে কলেজটি প্রতিষ্ঠিত হলেও এখন পর্যন্ত শুধু পাঠদানের অনুমোদন পাওয়া গেছে। কলেজে ১৫ জন শিক্ষক রয়েছেন। তবে তারা কেউ শিক্ষার্থীদের পাঠদান করেন না। এ কারণে ফলাফল ভালো করা সম্ভব হচ্ছে না।


আপনার জেলার সংবাদ পড়তে