তানোরে আহত পত্রিকা বিক্রেতা বুলবুলের পাশে যুবদল নেতা ও প্রেসক্লাব

মো: ইমরান হোসাইন; তানোর, রাজশাহী | প্রকাশ: ২ নভেম্বর, ২০২৬, ০৫:৩৪ পিএম
তানোরে আহত পত্রিকা বিক্রেতা বুলবুলের পাশে যুবদল নেতা ও প্রেসক্লাব
রাজশাহীর তানোরে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত প্রবীণ ও জনপ্রিয় সংবাদপত্র বিক্রেতা বুলবুল মেম্বারের পাশে দাঁড়িয়েছে তানোর উপজেলা যুবদল ও স্থানীয় সাংবাদিক সমাজ। আজ সোমবার (২ নভেম্বর) বিকেলে তানোর প্রেসক্লাব কার্যালয়ে উপজেলা যুবদলের সদস্য সচিব শরীফ উদ্দিন মুন্সি, বিশিষ্ট ব্যবসায়ী সালাউদ্দিন হাজী এবং তানোর প্রেসক্লাবের যৌথ উদ্যোগে আহত বুলবুলের হাতে নগদ অর্থ ও নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়। জানা গেছে, চাঁন্দুড়িয়া ইউনিয়নের দেওতলা গ্রামের বাসিন্দা ও সাবেক ওয়ার্ড মেম্বার বুলবুল কিছুদিন আগে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন। দীর্ঘদিনের এই পরিচিত সংবাদপত্র বিক্রেতা বর্তমানে কর্মহীন ও শয্যাশায়ী থাকায় তাঁর পরিবার সাময়িক আর্থিক সংকটে পড়ে। খবর পেয়ে যুবদল নেতা শরীফ উদ্দিন মুন্সি তানোর প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে নিয়ে তাঁর খোঁজখবর নেন এবং চাল, ডাল, তেলসহ বিভিন্ন পুষ্টিকর খাদ্যসামগ্রী উপহার দেন। যুবদল নেতা শরীফ উদ্দিন মুন্সি ও সালাউদ্দিন হাজী জানান, দীর্ঘ বছর ধরে মানুষের দ্বারে দ্বারে খবর পৌঁছে দেওয়া এই প্রবীণ সংবাদপত্র বিক্রেতার বিপদে পাশে দাঁড়ানো তাঁদের সামাজিক ও নৈতিক দায়িত্ব। তানোর প্রেসক্লাবের নেতৃবৃন্দ জানান, বুলবুল মেম্বার তানোরের সংবাদ ব্যবস্থার একটি অবিচ্ছেদ্য অংশ। তাঁর এই বিপদের দিনে পাশে দাঁড়ানো স্থানীয় গণমাধ্যমকর্মীদের নৈতিক দায়িত্ব। এসময় উপস্থিত ছিলেন- প্রেসক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক সাইদ সাজু, সহসভাপতি সিনিয়র সাংবাদিক আশরাফুল ইসলাম রনজু, সেক্রেটারী দোলোয়ার হোসেন সোহেল, ক্যাশিয়ার সিনিয়র সাংবাদিক ইমরান হোসাইন ও অফিস সহায়ক সেতাউর রহমান প্রমুখ। হঠাৎ এই মানবিক সহযোগিতা ও সহানুভূতি পেয়ে আবেগাপ্লুত আহত বুলবুল মেম্বার ও তাঁর পরিবার সংশ্লিষ্ট সবার প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। 
আপনার জেলার সংবাদ পড়তে