বলিউড অভিনেত্রী সানি লিওন মানেই গ্ল্যামার আর নজরকাড়া ফ্যাশন। কখনোই পশ্চিমা পোশাকে, কখনোই ঐতিহ্যবাহী সাজে ভক্তদের চমকে দেন তিনি। এবার লাল লেহেঙ্গায় ধরা দিলেন এই অভিনেত্রী। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত তার নতুন ছবিগুলোতে মুগ্ধ ভক্তরা। ৪৫ বছর বয়সেও তিনি জানান দিলেন, ফুরিয়ে যাননি। সানির এবারের সাজের মূল আকর্ষণ লাল লেহেঙ্গা। লম্বা ঘেরের স্কার্টটি তৈরি লাল ভেলভেট কাপড়ে, যা তার সাজে এনেছে রাজকীয় আবহ। এর সঙ্গে একই রঙের ব্রালেট ব্লাউজ পরেছেন তিনি। ব্লাউজজুড়ে রয়েছে লাল পুঁতি, সিকুইন ও সূক্ষ্ম সূচিকর্মের কাজ। নিচের অংশের ঝালর নকশাও নজর কেড়েছে। ডিপ নেকলাইনের ব্লাউজের সঙ্গে কাঁধে রয়েছে স্বচ্ছ লাল নেটের কেপ। দুই পাশ দিয়ে লম্বা হয়ে পেছনে নেমে আসা কেপটি পুরো সাজে যোগ করেছে নাটকীয়তা। পোশাকটি তৈরি করেছে সৌনিয়া গোহিল ব্র্যান্ড। গয়না নির্বাচনেও ছিল বিশেষত্ব। কানে ঝুলন্ত লাল পাথরের দুল, হাতে একাধিক আংটি। এর মধ্যে বড় লাল পাথর বসানো আংটিটি বিশেষভাবে নজর কেড়েছে। মেকআপেও গ্ল্যামারের ছাপ রেখেছেন সানি। চোখে গাঢ় স্মোকি আইশ্যাডো, কালো আইলাইনার ও ঘন পাপড়িতে মাশকারার ব্যবহার করেছেন। গালে হালকা কনট্যুর ও ব্লাশের আভা, ঠোঁটে ন্যুড-কোরাল গ্লসি লিপস্টিক। আর বড় বড় ঢেউখেলানো কার্লে সাজ সম্পূর্ণ করেছেন তিনি। সানি লিওনের ক্যারিয়ারও বেশ বৈচিত্র্যময়। ২০১১ সালে জনপ্রিয় রিয়েলিটি শো ‘বিগ বস’-এর মাধ্যমে ভারতীয় বিনোদনজগতে পরিচিতি পান তিনি। পরের বছর ‘জিসম ২’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় তার। এরপর একাধিক সিনেমা ও বিনোদনমূলক কাজে যুক্ত হয়েছেন। অভিনয়ের পাশাপাশি উদ্যোক্তা হিসেবেও কাজ করছেন সানি। পশুপ্রেমী হিসেবেও পরিচিত এই অভিনেত্রী ফ্যাশন দুনিয়াতেও নিজের অবস্থান ধরে রেখেছেন।