সরকারের ভর্তুকিতে সরবরাহ করা সার যাতে প্রকৃত কৃষকের হাতে পৌঁছায়, তা নিশ্চিত করতে সীমান্তবর্তী এলাকায় নজরদারি বাড়ানোর আহ্বান জানিয়েছেন কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রসিদ। সরকারি সার পাচার ও অপচয় রোধে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার পাশাপাশি সীমান্তে নজরদারি জোরদার করতে বিজিবিকে অনুরোধ করা হয়েছে বলে জানান তিনি। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার সরমংলা ইকো পার্কে কৃষকদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এসব কথা বলেন মন্ত্রী।
তিনি বলেন, দেশের কয়েকটি সীমান্তবর্তী এলাকায় নির্দিষ্ট কিছু সারের চাহিদা বেশি। প্রতিবেশী দেশে এসব সারের দাম বেশি হওয়ায় পাচারের আশঙ্কা রয়েছে। তবে দেশে ইউরিয়া সারের কোনো সংকট নেই। বছরে ২৫ থেকে ২৭ লাখ টন ইউরিয়ার চাহিদার বিপরীতে সরবরাহ স্বাভাবিক রয়েছে। ভর্তুকির কারণে দু-এক ধরনের সারের চাহিদা বেড়ে যাওয়ায় কোথাও কোথাও সাময়িক সংকট তৈরি হয়েছে।
সারের সরবরাহ স্বাভাবিক রাখতে প্রতিটি ইউনিয়নে নতুন করে একজন করে সার ডিলার নিয়োগ দেওয়া হয়েছে জানিয়ে কৃষিমন্ত্রী বলেন, চলতি মাস থেকেই নতুন ডিলারদের মাধ্যমে সার বিতরণ শুরু হবে। পাশাপাশি বাড়ানো হয়েছে সার বরাদ্দ। ফলে আগামী রোপণ মৌসুমে সারের সংকট থাকবে না বলে আশা প্রকাশ করেন তিনি।
রাজশাহী অঞ্চলের কৃষি সম্ভাবনা নিয়ে মন্ত্রী বলেন, বরেন্দ্র অঞ্চলে ধান ও সবজি উৎপাদনে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। এবার আমবাগানের অব্যবহৃত জমিতে আদা চাষ সম্প্রসারণের পরিকল্পনা নেওয়া হচ্ছে। রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও নাটোরের আমবাগানে গাছের সারির মধ্যবর্তী ফাঁকা জায়গায় সরাসরি জমিতে অথবা বস্তায় আদা চাষের সম্ভাবনা যাচাই করা হবে।
তিনি বলেন, দেশে প্রতিবছর প্রায় দেড় লাখ টন আদা আমদানি করতে হয়। আমবাগানের ফাঁকা জায়গা কাজে লাগিয়ে আদা উৎপাদন বাড়ানো গেলে কৃষকের বাড়তি আয় হবে, পাশাপাশি কমবে আমদানিনির্ভরতা।
এর আগে সকাল সোয়া ৯টার দিকে রাজশাহী মহানগরীর দামকুড়া থানার হরিপুর ইউনিয়নের কসবা এলাকায় কৃষক মোহাম্মদ নাজমুল করিম সুজনের লিচুবাগানে বস্তায় আদা চাষের প্রযুক্তি পরিদর্শন করেন মন্ত্রী। সেখানে প্রায় ৭০০ বস্তায় আদা চাষ করা হয়েছে।
এ সময় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের রাজশাহী অঞ্চলের অতিরিক্ত পরিচালক ড. আজিজুর রহমান, উপপরিচালক মো. মোস্তফা কামাল, পবার সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদি হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা মো. শাহাবুদ্দিনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।