ভারত দিয়ে অবৈধভাবে পর্তুগালে নিয়ে যাওয়ার প্রলোভন,আটক ২

এফএনএস (ফারুক আহমেদ; মেহেরপুর) : | প্রকাশ: ৫ নভেম্বর, ২০২৬, ০৭:২৮ পিএম
ভারত দিয়ে অবৈধভাবে পর্তুগালে নিয়ে যাওয়ার প্রলোভন,আটক ২

মেহেরপুরের গাংনীর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় ২জনকে (পুরুষ) আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার দুপুরে উপজেলার ধলা বিওপির  সীমান্ত পিলার ১৩৫/৭-এস হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ধলার মাঠ এলাকা থেকে তাদের আটক করে বিজিবি'র একটি টহল দল।

বৃহস্পতিবার সন্ধ্যা ৫ টা ৪৬ মিনিটে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)। আটককৃত ব্যক্তিরা হলেন,নোয়াখালী জেলার কবিরহাট উপজেলার ঘোষবাগ গ্রামের -মোঃ আলমগির হোসেনের ছেলে এমরান হোসেন। এবং অপরজন নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ উপজেলার চড় কাঁকড়া গ্রামের সামছুল হক এর ছেলে রেজাউল করিম(২৭)।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গাংনী উপজেলার ধলা বিওপির সীমান্ত পিলার ১৩৫/৭-এস হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ধলা মাঠ এলাকায় অভিযান চালানো হয়।এসময় বাংলাদেশ হতে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় ০২ জনকে (পুরুষ) আটক করা হয়।আটককৃত ব্যক্তিদের নিকট হতে বাংলাদেশি পাসপোর্ট ০২টি, ভারতীয় ৮,০৫০/- রুপি, বাংলাদেশি ৪,২০২/- টাকা, মোবাইল ০২ টি, পাওয়ার ব্যাংক ০১টি, হাত ঘড়ি ০১ টি জব্দ করা হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আটককৃত ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, বাংলাদেশি অজ্ঞাত দালাল তাদেরকে ভারত হতে পর্তুগালে নিয়ে যাওয়ার প্রলোভন দেখিয়ে অবৈধভাবে গমনে প্ররোচিত করেছে।এছাড়া আটককৃতদের দেওয়া তথ্য অনুযায়ী, অজ্ঞাতনামা দালাল তাদেরকে  অপর একজন দালালের নিকট হস্তান্তরের উদ্দেশে ধলা মাঠ এলাকায় রেখে পালিয়ে যায়। আটককৃত ০২ জনের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গাংনী থানায় হস্তান্তর করা হয়েছে।একই সঙ্গে ঘটনার সঙ্গে জড়িত দালালচক্রের সদস্যদের শনাক্ত করার চেষ্টা চলছে।  

সীমান্তের অতন্দ্র প্রহরী বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা রক্ষার পাশাপাশি অবৈধ অনুপ্রবেশ, মানবপাচার, চোরাচালান এবং দালালচক্রের অপতৎপরতা প্রতিরোধে সর্বদা সতর্ক ও অঙ্গীকারবদ্ধ।  সাধারণ মানুষকে বিদেশে চাকরি ও উন্নত জীবনের প্রলোভন দেখিয়ে অবৈধভাবে সীমান্ত পারাপারে প্ররোচিতকারী প্রতারক চক্রের বিষয়ে সবাইকে সচেতন থাকার আহ্বান জানানো হয় বিজিবি'র এই বিজ্ঞপ্তিতে ।

আপনার জেলার সংবাদ পড়তে