কক্সবাজার আদালত প্রাঙ্গনে প্রকাশ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে বিএনপি নেতার চাচাতো ভাই গুলিবিদ্ধ হয়েছেন। এঘটনায় বিদেশি পিস্তল সহ এক জনকে আটক করেছে পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে আদালত এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। রোববার (২৪ মে) বেলা ১১টার দিকে কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। আহত ব্যাক্তি হলেন- মঈন উদ্দিন। তিনি কক্সবাজার সদরের ঝিলংজা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক লিয়াকত আলীর চাচাতো ভাই। তার বাড়ি লিংক রোড।
প্রত্যক্ষদর্শীদের বরাতে পুলিশ জানিয়েছে, কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক লিয়াকত আলী মেম্বার সহযোগীদের নিয়ে ২০১৪ সালের একটি মারামারি মামলায় হাজিরা দিতে আদালতে আসেন। হাজিরা শেষে আদালত প্রাঙ্গণ থেকে বের হওয়ার সময় প্রতিপক্ষের লোকজন তাকে লক্ষ্য করে গুলি চালায়। এ সময় উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। আদালত এলাকায় কয়েক রাউন্ড গুলির শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ে বিচারপ্রার্থী ও সাধারণ মানুষের মধ্যে। ঘটনার পরপরই পুলিশ আদালত চত্বর ঘিরে ফেলে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার অহিদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন, হামলার পেছনের কারণ ও জড়িতদের শনাক্তে কাজ চলছে। কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, ঘটনাস্থল থেকে ১ টি বিদেশি পিস্তল, ৯ রাউন্ড গুলি, ২ টি ম্যাগাজিন, ৬ রাউন্ড গুলির খোসা সহ একজনকে আটক করা হয়েছে। আটক ব্যাক্তির নাম জিয়াউল হক জিয়া। তার বাড়ি ঈদগাহ বলে জানিয়েছেন ওসি।