বিলবাওয়ের সাথে দাপুটে জয় পেলো রিয়াল

এফএনএস স্পোর্টস | প্রকাশ: ২৪ মে, ২০২৬, ০৮:২৩ পিএম
বিলবাওয়ের সাথে দাপুটে জয় পেলো রিয়াল

মৌসুম শেষে রিয়াল মাদ্রিদ ছেড়ে যাবেন আলভারো আরবেলোয়া- এটা আগেই ঘোষণা দিয়েছিলেন। আবার মৌসুম শেষে রিয়াল মাদ্রিদ ছেড়ে যাওয়ার ঘোষণা দিয়েছিলেন দানি কার্ভাহল ও ডেভিড আলাবাও। কোচ ও দুই তারকা ফুটবলারের বিদায়ী ম্যাচ ছিল এটি। অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে আবেগ, বিদায় আর গোলের রোমাঞ্চে ভরা ম্যাচ ছিল রিয়াল মাদ্রিদের। অ্যাথলেটিক বিলবাওকে ৪-২ গোলে হারিয়ে বিদায় নিলেন রিয়ালের এই তিন তারকা। চলতি বছরের জানুয়ারিতে নতুন চেলসি কোচ জাবি আলোনসোর স্থলাভিষিক্ত হয়েছিলেন আরবেলোয়া। তবে তার অধীনে মৌসুমটা শিরোপাহীনই কাটিয়েছে রিয়াল মাদ্রিদ। যদিও শেষ পর্যন্ত লা লিগায় দ্বিতীয় স্থান নিশ্চিত করেছে তারা। চ্যাম্পিয়ন বার্সেলোনার চেয়ে ৮ পয়েন্ট পিছিয়ে মৌসুম শেষ করেছে লস ব্লাঙ্কোসরা। এরই মধ্যে গুঞ্জন উঠেছে, গ্রীষ্মে বেনফিকা ছাড়বেন হোসে মরিনহো এবং ১৩ বছর পর আবারও দ্বিতীয় মেয়াদে রিয়াল মাদ্রিদের কোচ হিসেবে ফিরবেন পর্তুগিজ এই কিংবদন্তি। অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে রিয়াল। ১২ মিনিটেই এগিয়ে যায় স্বাগতিকরা। তবে প্রথমার্ধের যোগ করা সময়ে এক গোল শোধ দেয় বিলবাও। ম্যাচের শেষদিকে রিয়ালের হয়ে চতুর্থ গোল করেন ব্রাহিম দিয়াজ। বক্সের ভেতরে পাওয়া পাস থেকে গোল করলেও অফসাইডের সম্ভাবনায় ভিএআর পরীক্ষা করা হয়। পরে গোলের সিদ্ধান্ত বহাল থাকে। যোগ করা সময়ে বিলবাওয়ের হয়ে দ্বিতীয় গোলটি করেন উরকো ইজেতা। তার হেড থেকেই ব্যবধান কিছুটা কমে। এই ম্যাচ দিয়েই শেষ হলো আর্নেস্তো ভালভার্দের অ্যাথলেটিক বিলবাও অধ্যায়ের সর্বশেষ পর্বও। তিন দফায় দায়িত্ব পালন করা এই কোচ বাস্ক ক্লাবটির হয়ে ৫০০টিরও বেশি ম্যাচে কোচিং করিয়েছেন।