গজারিয়ায় ঘাটলা নির্মাণে চাঁদা না পেয়ে মালামাল লুটের অভিযোগ

এফএনএস (মোঃ আমিরুল ইসলাম নয়ন; গজারিয়া, মুন্সীগঞ্জ) : | প্রকাশ: ৯ জুন, ২০২৬, ১১:৪০ এএম
গজারিয়ায় ঘাটলা নির্মাণে চাঁদা না পেয়ে মালামাল লুটের অভিযোগ

মুন্সীগঞ্জের গজারিয়ায় নদীর ঘাটলা নির্মাণ কাজে চাঁদা দাবি করে তা না পেয়ে নির্মাণ সামগ্রী নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগী আক্তার হোসেন চার জনের নাম উল্লেখ করে গজারিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

অভিযুক্তরা হলেন উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়নের বড় বসুরচর গ্রামের বাদশা মিয়া (৪০), ইয়াসিন (৪৬), বায়েজিদ (২৪) ও মো. আওলাদ হোসেন (৫০)।

থানায় অভিযোগ সূত্রে জানা গেছে, বড় বসুরচর গ্রাম সংলগ্ন নদীর ঘাটলা নির্মাণ কাজ চলাকালে গত ২০ এপ্রিল থেকে অভিযুক্তরা বিভিন্ন সময় কাজে বাধা দিয়ে চাঁদা দাবি করে আসছিল। এর ধারা বাহিকতায় গত রোববার গভীর রাত থেকে গতকাল সোমবার ভোরের মধ্যে নির্মাণস্থল থেকে বিপুল পরিমাণ মালামাল নিয়ে যাওয়া হয়। লুট হওয়া সামগ্রীর মধ্যে রয়েছে সেন্টারিং কাঠ, প্রায় ২০০ কেজি রড এবং ১৫ থেকে ২০ বস্তা সিমেন্ট।

ভুক্তভোগী আক্তার হোসেন জানান, সোমবার সকালে কাজের সাইটে এসে দেখি সেন্টারিং কাঠ, রড ও সিমেন্ট নেই। স্থানীয় ভাবে প্রভাব খাটিয়ে দীর্ঘদিন ধরে চাঁদা দাবি করা হচ্ছিল। চাঁদা না দেওয়ায় এ ঘটনা ঘটিয়েছে বলে জানান তিনি।

অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্তদের ব্যবহৃত মুঠোফোন নম্বরে একাধিকবার কল দেওয়া হলেও তারা রিসিভ করেননি। ফলে এ বিষয়ে তাদের কোনো বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।

এ বিষয়ে গজারিয়া থানার ওসি (তদন্ত) সাব্বির হোসেন বলেন, ঘাটলা নির্মাণ কাজের মালামাল চুরি ও চাঁদাবাজির অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপনার জেলার সংবাদ পড়তে