রাজশাহীতে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

এম এম মামুন; রাজশাহী | প্রকাশ: ৯ জুন, ২০২৬, ০১:২৮ পিএম
রাজশাহীতে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
রাজশাহী নগরীর শাহ মখদুম থানার বড় বনগ্রাম এলাকায় অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৫। এ সময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি পিকআপও জব্দ করা হয়। র‌্যাব-৫ জানিয়েছে, মঙ্গলবার রাত পৌনে ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫, সদর কোম্পানীর একটি আভিযানিক দল বড় বনগ্রাম এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে গ্রেপ্তার দুজন হলেন- সিলেটের মংলা বাজার থানার আলমপুর এলাকার বাসিন্দা আব্দুল হকের ছেলে সেলিম মিয়া (৪৮) ও হবিগঞ্জ জেলার বাহুবল থানার কাজিহাটা এলাকার বাসিন্দা মৃত আব্দুর রহমানের ছেলে রুবেল মিয়া (৪১)। অভিযানকালে তাদের কাছ থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ জব্দ করা হয়। র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার দুই আসামি দীর্ঘদিন ধরে পরস্পরের যোগসাজশে বিভিন্ন উপায়ে গাঁজা সংগ্রহ করে রাজশাহীসহ দেশের বিভিন্ন এলাকায় বিক্রি করে আসার কথা স্বীকার করেছেন বলে জানানো হয়েছে। তারা উদ্ধার হওয়া গাঁজা বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণ করেছিলেন বলেও স্বীকার করেন। এ ঘটনায় গ্রেপ্তার দুই আসামির বিরুদ্ধে রাজশাহী মহানগরীর শাহ মখদুম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
আপনার জেলার সংবাদ পড়তে