বগুড়ার শেরপুরে বজ্রপাতে এক এসএসসি পরীক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৯ জুন) সকালে উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের কানাইকন্দর স্কুলপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সাব্বির হোসেন (১৭) ওই গ্রামের সাইফুল ইসলামের ছেলে। সে ফুলতলা দাখিল মাদ্রাসা থেকে চলতি বছর এসএসসি (দাখিল) পরীক্ষায় অংশগ্রহণ করেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে বাড়ির বাইরে থেকে হাঁস নিয়ে আসার জন্য বের হয় সাব্বির। এ সময় হঠাৎ বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হলে সে বজ্রাঘাতে গুরুতর আহত হয়। পরিবারের সদস্যরা তাকে দ্রুত উদ্ধার করলেও ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে বলে জানা যায়।
সাব্বিরের আকস্মিক মৃত্যুতে পরিবারে শোকের মাতম নেমে এসেছে। স্বজনদের কান্নায় এলাকার পরিবেশ ভারী হয়ে ওঠে। একজন মেধাবী ও ভদ্র শিক্ষার্থী হিসেবে পরিচিত সাব্বিরের মৃত্যুতে সহপাঠী, শিক্ষক ও স্থানীয়দের মধ্যে গভীর শোকের সৃষ্টি হয়েছে।
এ ঘটনায় কানাইকন্দর স্কুলপাড়া গ্রামসহ আশপাশের এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা নিহতের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং মহান আল্লাহর কাছে তার রুহের মাগফিরাত কামনা করেছেন।