বাংলাদেশের উত্তরাঞ্চলের ঐতিহ্যবাহী রেল শহর সৈয়দপুর। আর এই শহরের প্রাণকেন্দ্রে দাঁড়িয়ে আছে সৈয়দপুর রেলওয়ে স্টেশন। ব্রিটিশ আমলে প্রতিষ্ঠিত এই স্টেশন একসময় ছিল উত্তরবঙ্গের অন্যতম গুরুত্বপূর্ণ রেল যোগাযোগ কেন্দ্র। সময়ের পরিবর্তনে স্টেশনটির অবকাঠামো, যাত্রীসেবা ও পরিবেশে এসেছে নানা পরিবর্তন। সেকালের ঐতিহ্য আর একালের আধুনিকতার মিশেলে আজও এটি উত্তরাঞ্চলের মানুষের কাছে বিশেষ গুরুত্ব বহন করে।
সেকালের সৈয়দপুর রেলওয়ে স্টেশন। ঊনবিংশ শতাব্দীর শেষভাগে ব্রিটিশ সরকার আসাম-বেঙ্গল রেলওয়ের অংশ হিসেবে সৈয়দপুরে রেলওয়ে কারখানা ও স্টেশন নির্মাণ করে। স্টেশন ঘিরে গড়ে ওঠে রেল কলোনি, হাসপাতাল, স্কুল ও কর্মচারী আবাসন।
সেকালে এই স্টেশন ছিল অত্যন্ত ব্যস্ত ও প্রাণবন্ত। ভারতীয় উপমহাদেশের বিভিন্ন অঞ্চলের সঙ্গে ট্রেন যোগাযোগ ছিল। বিশেষ করে কোচবিহার ও কলকাতার সঙ্গে পণ্য ও যাত্রীবাহী ট্রেন চলাচল করত। ১৯৬৫ সালের ভারত-পাকিস্তান যুদ্ধের পর সেই যোগাযোগ বন্ধ হয়ে যায়।
তৎকালীন স্টেশনের ভবনগুলো ছিল লাল ইটের নান্দনিক স্থাপত্যে নির্মিত। ছোট প্ল্যাটফর্ম, বাষ্পচালিত ইঞ্জিনের শব্দ, স্টেশন মাস্টারের বাঁশি এবং যাত্রীদের কোলাহলে মুখর থাকত পুরো এলাকা। সৈয়দপুরকে তখন “রেলের শহর”বলা হতো। রেলওয়ে কারখানায় হাজার হাজার শ্রমিক কাজ করতেন।
একালের সৈয়দপুর রেলওয়ে স্টেশন।
বর্তমানে সৈয়দপুর রেলওয়ে স্টেশন উত্তরাঞ্চলের গুরুত্বপূর্ণ রেলস্টেশন হিসেবে এখনও কার্যকর রয়েছে। ঢাকা, খুলনা, রাজশাহীসহ বিভিন্ন রুটের আন্তঃনগর ট্রেন এখানে যাতায়াত করে। নীলসাগর এক্সপ্রেস, চিলাহাটি এক্সপ্রেস, রূপসা এক্সপ্রেসসহ একাধিক ট্রেন এই স্টেশনে থামে।
বর্তমানে স্টেশনে কিছু আধুনিকায়নের কাজ হয়েছে। নতুন প্ল্যাটফর্ম, ডিজিটাল টিকিট ব্যবস্থা, যাত্রী ছাউনি ও আলোকসজ্জা যোগ হয়েছে। তবে এখনও নানা সমস্যাও রয়ে গেছে। প্ল্যাটফর্ম সংকীর্ণ হওয়া, অবকাঠামোর জীর্ণতা এবং সংস্কার কাজের অনিয়ম নিয়ে যাত্রীদের অভিযোগ রয়েছে।
২০১৫ সালের পর স্টেশনকে আরও যাত্রীবান্ধব ও দৃষ্টিনন্দন করার উদ্যোগ নেওয়া হয়। যদিও কিছু উন্নয়ন দৃশ্যমান, তবুও অনেক স্থাপনা সংরক্ষণের অভাবে হারিয়ে যেতে বসেছে।
সেকাল ও একালের পার্থক্য ঃ
সেকাল আর একাল যোগাযোগ ব্যবস্থা আন্তর্জাতিক ও আঞ্চলিক গুরুত্ব বেশি। মূলত দেশের অভ্যন্তরীণ যোগাযোগ, ট্রেনের ধরন, বাষ্পচালিত ট্রেনডিজেল ও আধুনিক ট্রেন।
সৈয়দপুর রেলওয়ে স্টেশন শুধু একটি রেলস্টেশন নয়, এটি উত্তরবঙ্গের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ। সেকালের গৌরব অনেকটাই ম্লান হলেও আজও এই স্টেশন উত্তরাঞ্চলের মানুষের যাতায়াত ও অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।